কলকাতা: পুজোয় এই প্রথম, মুক্তি পাচ্ছে শিল্পা রাও (Shilpa Rao)-এর প্রথম বাংলা গান। বলিউডে ইতিমধ্যেই নিজের প্রতিভার জোরে, জায়গা করে নিয়েছেন তিনি। ‘দ্য ট্রেন’ থেকে শুরু করে ‘বাঁচনা অ্যায় হাসিনো’, ‘পা’-র মতো সিনেমায় গান গেয়ে শ্রোতাদের মনজয় করেছেন শিল্পা। আর এবার, বাংলায় মুক্তি পাচ্ছে শিল্পা রাওয়ের প্রথম পুজোর গান। পুজোর দিন থেকে শুরু করে সিঁদুর খেলা, সমস্ত নস্ট্যালজিয়াই ফুটে উঠবে এই গানে। ‘আবার এলো মা’- গানটির দৃশ্যে একের পর এক ফুটে উঠবে, দুর্গাপুজোর বিভিন্ন দৃশ্য। পুজোর আনন্দ, বন্ধুদের সঙ্গে আনন্দ করা, উৎসবের ভিড়ে প্রিয় মানুষটিকে খুঁজে পাওয়া, আবার কখনও সেই মানুষটিকেই হারিয়ে ফেলার আক্ষেপ… সব মিলিয়ে প্রেমের এক আবেগঘন গল্প উঠে এসেছে এই মিউজিক ভিডিওতে। বাঙালির পুজোর চেনা রীতিনীতি ও উৎসবের রঙিন মুহূর্তের সঙ্গে প্রেম, অপেক্ষা এবং বিরহের অনুভূতিকে মিলিয়েই তৈরি হয়েছে এই গানের দৃশ্যায়ন।
শিল্পা রাওয়ের প্রথম বাংলা গান, অভিনয়ে শ্রীতমা
এই গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ডাব্বু। গানের কথা রাজীব দত্তের। এই মিউজিক ভিডিওতে শ্রীতমা বৈদ্যকে দেখা যাবে এক বিশেষ ভূমিকায়। গানের ছন্দ, পুজোর পরিবেশ এবং গল্পের ওঠাপড়ার সঙ্গে তাল মিলিয়ে নিজের পারফরম্যান্সটিকে আরও মনগ্রাহী করে তোলার চেষ্টা করেছেন শ্রীতমা। এই গানে অভিনয় করা নিয়ে শ্রীতমা বলেন, ‘পুজো আমাদের কাছে শুধু একটা উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে ছোটবেলার স্মৃতি, ভালোবাসা, বন্ধুত্ব আর অসংখ্য আবেগ। ‘আবার এলো মা’-র গানটার সঙ্গে যুক্ত হতে পেরে আমার অভিজ্ঞতা সত্যিই খুব সুন্দর। শিল্পা রাওয়ের প্রথম বাংলা পুজোর গান, সেই গানে অভিনয় করার সুযোগ পেয়ে ভীষণ ভাল লাগছে। ওঁর কণ্ঠে এই গানটির একটা আলাদা মায়া রয়েছে। এই মিউজিক ভিডিওতে কাজ করার অভিজ্ঞতাও আমার কাছে খুব আনন্দের। পুজোর প্রতিটি দিনের আলাদা আবেগকে একটি গল্পের মধ্যে তুলে ধরার ভাবনাটা আমার খুব ভাল লেগেছে। পুজোর আনন্দ যেমন রয়েছে, তেমনই রয়েছে প্রেমের খোঁজ, অপেক্ষা আর হারিয়ে ফেলার অনুভূতি। আমার বিশ্বাস, দর্শকরা এই গানের মধ্যে নিজেদের পুজোর কোনও না কোনও স্মৃতি, ভালোবাসার মুহূর্ত কিংবা হারিয়ে যাওয়া কোনও অনুভূতি খুঁজে পাবেন।
