আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক: পালাবদলের পর রাজ্য রাজনীতিতে আবারও সেটিং তত্ত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি-র বিজেপি নেতৃত্বের বোঝাপড়ার অভিযোগ তুলেছেন ঋতব্রত-তৃণমূলের আখরুজ্জামান। সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদন মিত্রেরও। বিজেপি-র একাংশই শুভেন্দু অধিকারীকে বদনাম করছে বলে মন্তব্য করলেন তিনি। (Madan Mitra on Suvendu Adhikari)
রাজ্য রাজনীতিতে ফিরেছে ফের সেটিং তত্ত্ব। আর চমকটা হল, এবার সেটিং তত্ত্বের নেপথ্যে সিপিএম বা কংগ্রেস নেই। আছেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট বিধায়ক, মুখ্য সচেতক আখরুজ্জামান। একদিন আগে তিনি বলেন, “আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হুঙ্কার মারছে, তার কারণ হচ্ছে দিল্লির সেটিং ছাড়া এটা সম্ভব হতে পারে না এবং আজকেও যে জেলের বাইরে আছে, সেটা দিল্লির বদান্যতায়। আমার মনে হচ্ছে, ডাল মে কুছ কালা হ্যায়। শুভেন্দু অধিকারী যত বড় বড় কথা বলুন না কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনি গ্রেফতার করতে পারবেন না। কারণ শুভেন্দুবাবুর টিঁকিটা দিল্লিতে বাঁধা আছে।” (Madan Mitra News)
আর সেই আবহেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন গণতান্ত্রিক ঋতব্রত-তৃণমূলের আর এক হেভিওয়েট বিধায়ক মদন। তাঁর বক্তব্য, “দুর্ভাগ্য, শুভেন্দুবাবু যে স্পিডে চলছেন, যে স্পিডে চেষ্টা করছেন, আমার মনে হচ্ছে বিজেপি-র একটা বড় অংশ ওঁকে পিছন থেকে টানছেন। সাহায্য় করছেন না। এত অল্পদিনের মধ্যে যদি এই অবস্থা হয়, শুভেন্দুবাবুর টিকি এখনও বাঁধেননি। কিন্তু যে জায়গায় যাচ্ছে প্রেসার, দিল্লি বোধহয় তাড়াতাড়ি, শুভেন্দুবাবু যাতে টিকি বাঁধে, সেই প্রেসার ফেস করতে হবে। ব্যাপক হারে বাংলায় শুভেন্দুবাবুকে বদনাম করার চেষ্টা করছে।”
শুভেন্দুকে বদনাম করার চেষ্টা করছে কারা? জবাবে মদন বলেন, “আমার তো মনে হয় তাঁর পার্টির লোক। সকালে যা বলছেন, দুপুর গড়ানোর আগেই তার বিরুদ্ধে কাজ করছেন তাঁর পার্টির লোক, তাঁদের নেতা। দলের উপর কোনও নিয়ন্ত্রণ আছে বলে আমার মনে হচ্ছে না। স্বাভাবিক ভাবেই, দলের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে এবং পার্টির লোক যদি শুভেন্দুবাবুর কথা শুনে কাজ না করেন, তাহলে ধরে নিতে হবে পার্টিই করছে। বলা ভাল, এটা ষড়যন্ত্র।”
আরও পড়ুন: বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
শুভেন্দুর বিরুদ্ধে তাহলে কি বিজেপি-র একাংশই ষড়যন্ত্র করছে? মদন বলেন, “আমার তো দেখে তাই মনে হচ্ছে। তা না হলে, সিদ্ধার্থ রায়ের চেয়ে বেশি শক্তিশালী মুখ্যমন্ত্রী, জ্যোতিবাবুর চেয়ে ১০ গুণ বেশি শক্তিশালী, গোটা দেশে টিকটিকি নড়ছে শুভেন্দুবাবুর কথায়। সব এজেন্সি…সমস্ত ক্ষমতা শুভেন্দুবাবুর হাতে। তার পরও এ জিনিস কেন হচ্ছে শুভেন্দুবাবু?”
কার সঙ্গে কার কী সমীকরণ, রাজনীতিতে তা বোঝা মুশকিল। সেই আবহেই নতুন করে সেটিং তত্ত্ব নিয়ে জোর চর্চা।