কলকাতা: হিন্দি ছবি, ‘A B C D’ অর্থাৎ, ‘এনি বডি ক্যান ডান্স’ ছবিটি তৈরি হয়েছিল, নাচকে ভিত্তি করে। নাচ নিয়েই কিছু মানুষের স্বপ্ন, সেটাকে সঙ্গে করেই জীবনের বিভিন্ন ওঠাপড়া তুলে ধরা হয়েছিল, একটি সিনেমার মাধ্যমে। আর এবার, বাংলাতেও তৈরি হচ্ছে, নাচ নিয়েই একটি নতুন ছবি। প্রতীষ ঘোষের পরিচালনায় আসছে, নতুন সিনেমা ‘মাইকেল’ (Michael)। আর সেই সিনেমাতেই মুখ্যভূমিকায় অভিনয় করছেন, স্যান্ডি রং (Sandy Rong)। এই সিনেমায় স্যান্ডির বিপরীতে দেখা যাবে, রূপসা মুখোপাধ্যায়কে (Rupsha Mukhopadhyay)। ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন, জনপ্রিয় অভিনেতা সাগ্নিক।
নাচ নিয়ে নতুন সিনেমা, মুখ্যভূমিকায় জনপ্রিয় নৃত্যশিল্পী – অভিনেতা
স্যান্ডি রঙ নাচের দুনিয়ারই মানুষ। ‘ডান্স বাংলা ডান্স’ থেকে তাঁর সফর শুরু হয়েছিল। নিজের সিজন শেষ হয়ে যাওয়ার পরেও, দীর্ঘদিন এই শো-এর সঙ্গেই যুক্ত ছিলেন তিনি। পাশাপাশি, অভিনয়ের দিকেও ভালবাসা ছিল তাঁর। ‘বিগ বস বাংলা ২’ (Big Boss Bangla 2)-তেও অংশগ্রহণ করেছিলেন স্যান্ডি। একেবারে ফাইনাল পর্যন্ত গিয়েছিলেন তিনি। অন্যদিকে, ‘আবার প্রলয় ২’ এবং ‘পরবর্তী স্টেশন বেগুনকোদর’-এও অভিনয় করেছেন স্যান্ডি। তবে এবার, একেবারে নতুন চরিত্রে দেখা যাবে তাঁকে। বলা বাহুল্য, যেহেতু অভিনেতা হওয়ার আগেও, স্যান্ডি একজন নৃত্যশিল্পী, সেই কারণেই এই সিনেমার মুখ্যভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়েছেন তিনি।
জানা গিয়েছে, ডিসেম্বর মাস থেকে ‘মাইকেল’ ছবিটির শ্যুটিং শুরু হবে। কলকাতা এবং শিলিগুড়ির আশেপাশের অঞ্চলে শ্যুটিং হওয়ার কথা এই ছবির। পাশাপাশি কিছু অংশের শ্যুটিং হবে থাইল্যান্ড এবং সিকিমের কিছু অংশে। নাচকে নিয়েই এগিয়ে যাবে এই সিনেমার গল্প। ‘মাইকেল’-এর মতো সিনেমা, বাংলায় খুব একটা হয়নি বলেই মনে করছেন নির্মাতারা। আর সেই কারণেই ছবিটি যথেষ্ট যত্ন নিয়েই তৈরি করতে চান নির্মাতারা। কিছুতেই খামতি রাখতে চান না। তবে শুধুমাত্র নাচ নয়, পাশাপাশি এই সিনেমায় থাকবে সম্পর্কের গল্প। প্রেম এবং রহস্য, প্রতিশোধ এবং সম্পর্কের গল্প নিয়ে আসবে এই সিনেমা। নির্মাতারা মনে করছেন, নাচ তো মানুষের আবেগেরই প্রকাশ, সেই আবেগই ঘিরে থাকবে এই সিনেমার গল্পকে। ছবিটি কবে মুক্তি পাবে, সেই সম্পর্কে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।