কলকাতা: ছবি শেষ হতেই আবেগপ্রবণ হয়ে তিনি জড়িয়ে ধরেছিলেন, সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) -কে। জানিয়েছিলেন, ছবিটি দেখে আপ্লুত হয়েছেন তিনি। আর সোশ্যাল মিডিয়ায় ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটি দেখে নিজের আবেগের কথা, অনুভূতির কথা লিখলেন, সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার পর থেকেই যথেষ্ট প্রশংসিত হয়েছে। বিশেষ করে প্রশংসিত হয়েছেন, বামদেবের চরিত্রে সব্যসাচী চৌধুরীর অভিনয়। সোশ্যাল মিডিয়ায় সিনেমাটি দেখে কী লিখলেন তিনি?
‘সাধক বামাক্ষ্যাপা’ দেখে আবেগপ্রবণ সৃজিত, কী লিখলেন সোশ্যাল মিডিয়ায়?
সোশ্যাল মিডিয়ায় সৃজিত লিখেছেন, ”সাধক বামাক্ষ্যাপা’ সত্যিই একটা মহাকাব্য। ১৯৫ মিনিটের একটা উদযাপন। ছবি জুড়ে রয়েছে বাংলার শতাব্দী প্রাচীন শাক্ত ঐতিহ্য, উত্তরাধিকার, সমাজের কাঠামো, শ্রেণিসংগ্রাম, সামন্ততান্ত্রিক প্রথা, ভক্তিগীতি, মানবিক দ্বন্দ্ব এবং সর্বোপরি ‘বিশ্বাস’-এর এক বর্ণময় উদ্যাপনের দলিল। এ ছবি বার্তা দয়, ভক্ত কীভাবে তাঁর আরাধ্যা দেবীকে পূজা করবেন, কীভাবে মায়ের কাছে পৌঁছাবেন, তা কেউ ঠিক করে দিতে পারে না। বিশ্বাস যে কোনও ভেদাভেদ মানে না, এমনকি অবিশ্বাসীকেও আপন করে নেয়.. এবং বিশ্বাসের শ্রেষ্ঠ অলৌকিকত্ব যে মানুষের প্রতি সহমর্মিতা ও ভালোবাসায়, এই ছবি সেই সত্যকেই প্রতিষ্ঠা করে। সব্যসাচী চৌধুরী এখানে কেবল অভিনয় করেননি; তিনি চরিত্রটির মধ্যে বেঁচেছেন, নিঃশ্বাস নিয়েছেন, যেন বামাক্ষ্যাপার সত্তায় আচ্ছন্ন হয়ে ছিলেন। দীর্ঘ সময় টেলিভিশনের পর্দায় এই চরিত্রটিকে যাপন করার অভিজ্ঞতা বড় পর্দার প্রতিটি ফ্রেমের প্রতিটি পিক্সেল থেকে যেন ঠিকরে বেরোচ্ছে।
সৃজিত আরও লিখেছেন, ‘শুধু তিনিই নন, সায়ন্তন ঘোষাল, সৌমিক হালদার, ইন্দ্রদীপ দাশগুপ্ত, ঋতম সেন, শ্রীজাত, অনিন্দিত রায়, শুভজিৎ সিংহ, রুমেলা চক্রবর্তী, মহম্মদ আলি, প্রসেনজিৎ দে, মৃদুল বৈদ্য, শাশ্বতী কর্মকার, সুমিতা সাহা, সৌম্যব্রত রক্ষিত, অভিষেক দাগার মতো কলাকুশলী এবং সাহেব চট্টোপাধ্যায়, মোনালিসা চট্টোপাধ্যায়, পায়েল দে, নীলাঞ্জন ঘোষাল, রূপম সিংহ, রাজু ধর ও শঙ্খদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো সহ-অভিনেতারাও যেন এক অদ্ভুত ঘোরের মধ্যে কাজ করেছেন। এমন তীব্র আবেগঘন ও episodic এক আখ্যানকে অত্যন্ত মসৃণ ও অনায়াস দক্ষতায় সামলেছেন তাঁরা, কোথাও এতটুকু ছন্দপতন ঘটেনি। সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বাংলা ছবি এটি, যার শিকড় রয়েছে এই বাংলাতেই, উত্তরপ্রদেশ বা বিহার নয়। কেরল বা তামিলনাড়ু নয়। কর্ণাটক বা অন্ধ্রপ্রদেশও নয়। এ ছবি একান্তই বাংলার.. এবং সগর্বে বাংলার।’