কলকাতা: সদ্য়ই মুক্তি পেয়েছে, ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটি। সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) রয়েছেন এই সিনেমার নামভূমিকায়, পরিচালনায় সায়ন্তন ঘোষাল (Sayantan Ghosal)। এই সিনেমার সমস্ত প্রচারই অন্য ধারায় করা হয়েছে। কখনও তারাপীঠ শ্মশানে ট্রেলার লঞ্চ থেকে শুরু করে বোলপুরে সিনেমার প্রিমিয়ার.. সমস্ত কিছুই করা হয়েছে একেবারে অন্য ধারায়। তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার পর থেকেই যথেষ্ট প্রশংসিত হয়েছে। বিশেষ করে প্রশংসিত হয়েছেন, বামদেবের চরিত্রে সব্যসাচী চৌধুরীর অভিনয়।
‘সাধক বামাক্ষ্যাপা’ দেখে অভিভূত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
শুধু দর্শকরা নন, ইন্ডাস্ট্রির অনেকেই এই ছবির, অভিনয়ের প্রশংসা করেছেন। এই সিনেমা দেখে সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) লিখেছেন, ‘সাধক বামাখ্যাপা’ সিনেমাটা নিয়ে কি বলা উচিত এখনও বুঝে উঠতে পারিনি। এই ঘোর কাটতে অনেকটা সময় লাগবে সায়ন্তন। আর সব্য তোমাকে যা বলবো সব কম হবে । যে কোনো চরিত্রে যাপন করলে সেটা ঠিক কি হয় তুমি আবার প্রমাণ করে দিলে। অনবদ্য আবহ সঙ্গীত এবং সব কটা গান। আর যে কথাটা না বললেই নয় বাংলাও পারে কল্পনা এবং বাস্তব মিশিয়ে সব প্রতিকূলতা কাটিয়ে এরকম একটা সিনেমা বানাতে ।অসাধারণ। অনেক ভালোবাসা রইল তোমাদের সবার জন্য। আর তোমাদের সিনেমার লেখা ধার নিয়ে বললাম শ্রীকান্ত, সিনেমা ভালো হলে “মারে কোন শালা’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই পোস্ট নিজের প্রোফাইল থেকে শেয়ার করে নিয়ে ধন্যবাদ জানিয়েছেন সায়ন্তন।
ছবি নিয়ে আবেগপ্রবণ সব্যসাচী
ট্রেলার লঞ্চের দিন, ছবির নায়ক সব্যসাচীর চোখে ছিল জল। আবেগে ভেসেছিলেন তিনি। এই প্রসঙ্গে এবিপি লাইভ বাংলাকে অভিনেতা বলেছিলেন, ‘আসলে এই সিনেমা তৈরির সফরটা সহজ ছিল না একেবারেই। শুরুর দিকে জানতামই না যে, সিনেমাটা হবে কি না। অনেক কাজ ছেড়ে দিয়েছি, বাড়িতে বসে থেকেছি। হয়তো ৬ মাস পরে আবার জানতে পেরেছি, সিনেমাটা হচ্ছে। শ্যুটিং শুরু হওয়ার পরেও বাধা এসেছে বারে বারে। দুর্যোগ হয়েছে, সেট নষ্ট হয়েছে। আবার নতুন করে সেট তৈরি করতে হয়েছে। শ্যুটিং বাতিল হয়েছে। যে ছবিটা ৬ মাসে শেষ করার কথা ছিল, সেটাই শেষ করতে সময় লেগে গেল দেড় বছর লেগে গেল ছবির কাজটা শেষ করতে। ২০২৪ সালের অগাস্টে প্রথম আমায় SVF-এর তরফ থেকে সৌম্যব্রত রক্ষিত আমায় ফোন করেছিলেন। তারপরে আজ মানুষ প্রথমবার ছবিটা দেখবেন। ছবিটার সঙ্গে ২ বছর ধরে নানাভাবে জড়িত আমি। প্রত্যেকটা শট, প্রত্যেকটা লাইন মুখস্থ হয়ে গিয়েছে। ভীষণ আবেগ জড়িয়ে গিয়েছে ছবিটার সঙ্গে। ট্রেলার লঞ্চের দিন সব যেন ফ্ল্যাশের মতো চোখের সামনে ভেসে উঠল যে আমরা কী কী পেরিয়ে এসেছি। হয়তো তাই…’
আরও পড়ুন: Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব