কলকাতা: সদ্যই একগুচ্ছ নতুন সিরিজ এবং সিনেমার ঘোষণা করেছে ‘হইচই’ (Hoichoi)। আর তার মধ্যেই পরিচালনা থেকে শুরু করে প্রযোজনা, একাধিক ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)-কে। কখনও পরিচালকের আসনে বসবেন তিনি, আবার কখনও তিনি গোয়েন্দা! কী কী চমক দিতে চলেছেন পরমব্রত? দেখে নেওয়া যাক
‘ছদ্মবেশী’-র দ্বিতীয় সিজন নিয়ে আসছেন পরমব্রত
নতুন গোয়েন্দা গল্প নিয়ে আসতে চলেছেন, পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর পরিচালনায় আসছে ‘ছদ্মবেশী’-র নতুন সিজন। ‘ছদ্মবেশী ২’। এর আগে, ‘ছদ্মবেশী’ ও দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এরি সিরিজের পরিচালনার পাশাপাশি, মুখ্যভূমিকাতেও দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। গোয়েন্দা আদিত্য মজুমদারের চরিত্রে ফের দেখা যাবে পরমব্রতকে। অপরাধের বিরুদ্ধে তাঁর লড়াই তো বটেই, কিন্তু কেস সলভ করার মধ্যেও রয়েছে মজার মোড়ক। যে ঝলক প্রকাশ্যে এসেছে, সেখানে পরমব্রতকে দেখা যায়, একটি বিশেষ চশমায়, যার একদিকের কাচ, হামেশাই খুলে পড়ে যায়! নতুন এই সিজন কবে মুক্তি পাবে, তা অবশ্য এখনও প্রকাশ্যে আসেনি। এখনও পুরোদমে শুরু হয়নি শ্যুটিং।
পরমব্রতর পরিচালনায় অভিনয় করবেন কোয়েল মল্লিক
‘হইচই’ (Hoichoi)-এর নিয়ে আসছে, একগুচ্ছ নারীকেন্দ্রিক ওয়েব সিরিজ এবং সিনেমা! সদ্যই একটি অনুষ্ঠানে একগুচ্ছ সিনেমা-সিরিজের কথা ঘোষণা করেছে এই প্রযোজনা সংস্থা। আর সেখানেই, অন্যতম চমক, কোয়েল মল্লিকের (Koel Mallick) নাম! ‘হইচই’-এর প্রযোজনায় আসছে পূর্ণদৈর্ঘ্যের ছবি। পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) পরিচালনায় আসছে নতুন সিনেমা, ‘জননী’। আর সেই সিনেমারই মুখ্যচরিত্রে অভিনয় করছেন কোয়েল। বাড়ির গৃহসহায়িকার মেয়ের হঠাৎ হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যায় ছবির গল্প। ইতিমধ্যেই এই সিনেমার শ্যুটিং শেষ হয়ে গিয়েছে।
পরমব্রতর পরিচালনায় এবার ‘জুজুমা’-র রহস্য সমাধানে ঋত্বিক
অন্যদিকে, পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) পরিচালনায় আসছে নতুন ওয়েব সিরিজ, ‘জুজুমা’ (Jujuma)। এই সিরিজের মুখ্যভূমিকায় অভিনয় করতে দেখা যাবে, ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)-কে। একটা গহন বনের ভিতরে একটা হসপিটাল আর সেখানেই একটা অল্পবয়সী মেয়ের সঙ্গে দেখা হয়ে যায় এক চিকিৎসকের। কিন্তু সেই মেয়েটির সঙ্গে জড়িয়ে রয়েছে কোন রহস্য? সেই গল্পই উঠে আসছে এই সিরিজ জুড়ে। এখনও এই সিরিজের শ্যুটিং হয়নি। এই সিরিজে আর কে কে রয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি।
আরও পড়ুন: Big Boss Bangla: বিগ বসের বাড়িতে শক্তিশালী প্রতিযোগী কে? আফশোস হয়? অবশেষে মুখ খুললেন অনিন্দ্য