শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, রঞ্জিত হালদার, কলকাতা: স্কুলে নিয়োগ দুর্নীতি থেকে, পুরসভায় নিয়োগ দুর্নীতি, গরুপাচার থেকে, কয়লা পাচার, গত ১৫ বছরে তৃণমূল সরকারের আমলে দুর্নীতির অভিযোগের তালিকা দীর্ঘ।এই আবহেই বিগত তৃণমূল সরকারের আমলে একাধিক দফতরের কাজকর্ম নিয়ে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। স্বরাষ্ট্র দফতর, অর্থ দফতর এবং উচ্চশিক্ষা দফতর। এই ৩ দফতরের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে, বলে বৃহস্পতিবার জানালেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন, কলকাতা পুরভোটে BJP-র সঙ্গে NCPI-এর আসন সমঝোতার স্বপ্ন ভেঙে কি চুরমার ? একলা চলার পক্ষে সওয়াল শমীকের
উচ্চশিক্ষামন্ত্রী ও বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন,’খুব দ্রুত আমরা ৩টি দফতরের শ্বেতপত্র প্রকাশ করবে সরকার। পুলিশ-স্বরাষ্ট্র দফতর, অর্থ এবং উচ্চশিক্ষা দফতর। আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন, যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে কমিশন, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির কমিশন সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে আলোচনা করে, সব দফতরে এধরনের যে কাজ হত, ১৫ বছরে হয়েছে, তাঁদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থা গ্রহণ শুরু হবে।’ ইতিমধ্য়েই প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগের তদন্তে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কমিশন গঠন করেছে শুভেন্দু অধিকারীর সরকার। সেই কমিশন কাজও শুরু করেছে।
উচ্চশিক্ষামন্ত্রী ও বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে যা যা অভিযোগ (অবসরপ্রাপ্ত) বিচারপতি বিশ্বজিৎ বসুর কমিশনের কাছে জমা পড়ছে। এক এক করে সমস্ত দফতরের সঙ্গে আলোচনা করে, তিনি সে বিষয়ে নির্দিষ্টভাবে নিদান দিচ্ছেন এবং তার মধ্যে সব আমাদের উচ্চশিক্ষা দফতর, একাধিক বিষয় নিয়ে এই ধরনের চর্চা চলছে।’এখন অপেক্ষা শ্বেতপত্র প্রকাশের এবং তাতে কী থাকবে, তা দেখার।