কলকাতা: দুর্গাপুজোর আগেই দুঃসংবাদ, মাতৃহারা হলেন পরিচালক এবং সঙ্গীত পরিচালক, ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dasgupta)। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি, ভর্তি ছিলেন হাসপাতালে। শুক্রবার, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন পরিচালকের মা। বিভিন্ন সময়ে, পরিচালক কাজে ব্যস্ত থাকলেও, মায়ের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ ছিল। কাজের মাঝে হামেশাই তিনি সময় কাটাতেন মায়ের সঙ্গে। মৃত্যুকালে ইন্দ্রদীপ দাশগুপ্তের মায়ের বয়স হয়েছিল, ৮৯ বছর। আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। 

প্রয়াত মা, শোকস্তব্ধ পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

এদিন পরিচালক এবং সঙ্গীত পরিচালকের বাড়িতে এসেছিলেন তাঁর টলিপাড়ার বন্ধুরা। প্রত্যেকেই পরিচালককে পাশে থাকার বার্তা দিয়েছেন। মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক যে বড়ই মধুর ছিল, সেই কথা জানেন প্রত্যেকেই। মা চলে যাওয়ায় শোকস্তব্ধ পরিচালক। কাজের দুনিয়ায়, সঙ্গীত পরিচালক হিসেবেই কাজ শুরু করেছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। পরবর্তীকালে, তিনি ধীরে ধীরে পা রাখেন, পরিচালনার জগতেও। ‘বাইশে শ্রাবণ’ থেকে শুরু করে, ‘চতুষ্কোণ’, ‘এক যে ছিল রাজা’, একের পর এক ছবিতে সঙ্গীত পরিচালনা করে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। পরবর্তীকালে তিনি পা রেখেছেন পরিচালনাতেও। তাঁর পরিচালিত ‘কেদারা’ ছবিটি পুরস্কার পেয়েছিল। এই ছবিতে অভিনয় করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালিত ‘গৃহপ্রবেশ’ সিনেমাটিও যথেষ্ট প্রশংসিত হয়েছিল। মুখ্যভূমিকায় ছিলেন, শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) ও জিতু কমল (Jeetu Kamal)।

বাবাকে হারালেন শতাব্দী রায় ও

সদ্যই বাবাকে হারানোর খবর দিয়েছেন অভিনেত্রী সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। সোশ্যাল মিডিয়াতে এই মনখারাপ করা খবর শেয়ার করে নিয়েছিলেন তিনি। অভিনেত্রীর মা আগেই প্রয়াত হয়েছেন, আর এবার বাবাকে হারালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শতাব্দী রায় লিখেছিলেন, “…..বাবাও চলে গেল” – এই ভারী সত্যটি মেনে নেওয়ার মতো ভাষা আমার জানা নেই। আজ এক যুগের অবসান হল। হয়তো মা ও বাবার সেই অনন্ত প্রেমের টান আবার এক করে দিল তাঁদের। পরজন্মে আবার আমার বাবা মা হয়েই এসো..’। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিনেত্রী সাংসদকে পাশে থাকার বার্তা দিয়েছেন। অনেকেই লিখেছেন, তাঁরা সবাই এই কঠিন সময়ে অভিনেত্রীর পাশে রয়েছেন। অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত লিখেছেন, ‘মনখারাপ হয়ে গেল, কাকু ভাল থাকবেন।’

আরও পড়ুন: Mohana Maiti: ধারাবাহিকের গল্পের শুরুতেই বিয়ের পিঁড়িতে, নিজের সাত পাক নিয়ে কী পরিকল্পনা মোহনার?

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *