তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: মুম্বইতে বিগ বস বাংলার (Big Boss Bangla) ঘরে রয়েছেন, মেয়ে সোহিনী পাল (Sohini Paul)। কলকাতার ফ্ল্যাটে একাই রয়েছেন, নন্দিনী পাল (Nandini Paul), তাপস পালের স্ত্রী, সোহিনীর মা। আবহাওয়া বদলের কারণে, সামান্য জ্বর আর অ্যালার্জিতে ভুগছেন তিনি। মেয়েকে ছাড়া কেমন সময় কাটছে তাঁর? নিয়মিত চোখ রাখছেন টিভির পর্দায় বা লাইভ স্ট্রিমে? নিজে বিগ বসের সিজন ওয়ানের প্রতিযোগী ছিলেন তিনি, সোহিনীর খেলা নিয়ে কী মতামত তাঁর? সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঞ্চালনাই বা কেমন লাগছে? এবিপি লাইভের সমস্ত প্রশ্নের উত্তর দিলেন, নন্দিনী পাল।
মেয়ে বিগ বসের ঘরে, কেমন সময় কাটছে নন্দিনী পালের?
মা-মেয়ের সংসারে, এখন মা একা। বিগ বসের ঘরে খেলছেন সোহিনী পাল। কীভাবে সময় কাটছে নন্দিনীর? তাপস পালের স্ত্রী বলছেন, ‘আমি আর সোহিনী, ২ জনেই একা সময় কাটাতে ভীষণ ভালবাসি। কখনও যদি ভীষণ একা লাগে, আমি সোহিনীর মতোই পথপশুদের নিয়ে থাকি, বৃদ্ধাশ্রমে চলে যাই, সেখানকার বাসিন্দাদের গল্প পড়ে শোনাই। তাঁদের সঙ্গে সময় কাটাই। ফলে একা লাগছে না একেবারেই। তবে মেয়েকে মিস করছি না, এটা বললে ভুল হবে। সোহিনী কফি খেতে ভীষণ ভালবাসে, বুঝতে পারছি ওখানে ওকে কফিটা নিয়েও লড়াই করতে হচ্ছে। ও চলে যাওয়ার পরে, কফিটা আম আর খেতে পারছি না।’
বিগ বসের ঘরে সোহিনীর খেলা দেখে, কী বলছেন মা নন্দিনী?
মেয়ের খেলা কেমন লাগছে মায়ের? নন্দিনী বলছেন, ‘শুধু মা হিসেবে নয়, আমি তো খেলাটা দেখি বিগ বসের প্রাক্তন প্রতিযোগী হিসেবেও। সিজন ১-এ আমি বিগ বসের প্রতিযোগী ছিলাম। ৯ সপ্তাহ অবধি ছিলাম ওই বাড়িতে। তবে তখনকার বিগ বস আর এখনকার বিগ বসের মধ্যে অনেকটাই পার্থক্য অনুভব করছি। এবারের সিজন নিয়ে আমার অনেক বক্তব্য রয়েছে, তবে এখনই কিছু বলতে চাই না। সোহিনী ওই বাড়ির মধ্যে রয়েছে, খেলছে আর ওকে নিয়ে আমি গর্বিত। আমি জানি, সোহিনী কখনও নিজের ব্যক্তিত্ব, নিজের শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে খেলবে না। ও ঠিকটাকে ঠিক বলতে জানে। আসলে দিনের শেষে আয়নার সামনে দাঁড়াতে পারাটা খুব জরুরি, এটা আমরা বিশ্বাস করি। বিগ বস সোহিনীকে একটা গুরুত্বপূর্ণ মঞ্চে নিজেকে তুলে ধরার সুযোগ দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে বিগ বসে সোহিনীর জেতা বা হারাটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার একটাই চাওয়া, সোহিনী যখন ওই ঘর থেকে বেরোবে, ও যেন মানুষের ভালবাসা পেয়ে বেরোয়। সোহিনী অনেক মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে ওই বাড়িতে গিয়েছে, জীবনে অনেক অমসৃণ পথ পেরিয়েছে। ওর মাথায় একটা আশীর্বাদের মুকুট রয়েছে সবসময়। আমার কাছে খেলায় হারা বা জেতাটা গুরুত্বপূর্ণ নয়, সোহিনী যেন মানুষের ভালবাসা পায়, এটুকুই চাওয়া।’
সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কে কেমন লাগছে নন্দিনীর?
এবারের বিগ বস বাংলার সঞ্চালনা করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘দাদার দরবার’ নিয়ে কী মত নন্দিনীর? তিনি বললেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায়ের ২২ গজের কেরিয়ার নিয়ে কথা বলার ধৃষ্টতা আমার নেই। আর উনি যে কত ভাল সঞ্চালক, সেটা ‘দাদাগিরি’-তেই প্রমাণিত। ইনি ওঁর জায়গায় সেরা। কিন্তু বিগ বসের ওঁর সঞ্চালনা দেখে আমার মনে হচ্ছে, উনি টকব্যাকের দ্বারাই পরিচালিত হচ্ছেন। সৌরভ ব্যস্ত মানুষ, আমি বুঝতে পারি ওঁর পক্ষে সমস্ত এপিসোড দেখে, ‘দাদার দরবার’-এ আসার হয়তো সময় হয় না। ফলে ইয়ারপ্লাগে ওঁকে যা যা নির্দেশ দেওয়া হয়, উনি সেগুলোই বলেন। আমি সৌরভকে যতদূর চিনি, উনি ভীষণ স্পষ্টবক্তা, সবসময়েই ভুলটাকে ভুল বলতে পারেন আর ঠিকটাকে ঠিক। কিন্তু বিগ বসের ঘরে অনেকেই আপত্তিকর কথা বলছেন বা কাজ করছেন। নন্দিনী দত্ত সোহিনীকে বলেছে, ‘ভিগ মাঙ্গে ক্যাপ্টেন্সি’। এই কথাটা সৌরভের কানে গেলে, উনি অবশ্যই প্রতিবাদ করতেন। আসলে ক্যাপ্টেন্সি কথাটার একটা ওজন রয়েছে, সেটা ভিক্ষা করে পাওয়া যায় না। সে যেই ক্যাপ্টেন হোন না কেন.. আমার বিশ্বাস, সৌরভ এই কথা জানতে পারলে, অবশ্য়ই এর প্রতিবাদ করতেন বলে আমার বিশ্বাস। আমার ধারণা উনি জানতে পারেন না এই ঘটনাগুলো কোনও কারণে। সঞ্চালনা একটা বড় দায়িত্ব, কারণ সপ্তাহান্তে সঞ্চালক যা যা বলবেন, সেই আতস কাচের তলাতেই মানুষ প্রতিযোগীদের ধরবে। আমি সৌরভের ফ্যান.. ঈশ্বরের কাছে প্রার্থনা করি, উনি শো সম্পর্কে আরও বেশি ওয়াকিবহাল হয়ে যদি ‘দাদার দরবার’-এ আসেন, তাহলে ওঁর সঞ্চালনা অন্য মাত্রা পাবে। আমি বিশ্বাস করি, সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার গর্ব, কিংবদন্তি।’
সোশ্যাল মিডিয়া ট্রোলিং নিয়ে নন্দিনীর বার্তা
পাশাপাশি নন্দিনী ট্রোলারদের উদ্দেশে বার্তা দিয়েছেন যে, বিগ বসের ঘরে ২৪ ঘণ্টা যা যা চলে, মানুষ তার কিয়দংশই দেখতে পান। নির্মাতারা যতটা দেখাতে চান, মানুষ ততটুকুই দেখেন। ফলে মানুষকে বিচার করার সময়ে সেটা যেন মাথায় রাখা হয়। শুধু বাংলা বিগ বস নয় বা শুধু সোহিনীর ক্ষেত্রে নয়, বিভিন্ন ভাষায় যে যে গেম শো চলছে, প্রত্যেক প্রতিযোগীর পাশে দাঁড়িয়েই এই বার্তা দিতে চান তিনি। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, সোহিনী ওই ঘর থেকে বেরিয়ে এলে, তিনি এই শো নিয়ে আরও বেশি মতামত প্রকাশ করার জায়গায় থাকবেন। এই মুহূর্তে সোহিনী যেহেতু ওই ঘরে একজন প্রতিযোগী হিসেবে রয়েছেন, তিনি খুব বেশি নিজের মতামত দিতে চান না।
আরও পড়ুন: Weather Update: ধীরে ধীরে কমে আসছে দুর্যোগ, সপ্তাহান্তেই রোদ ঝলমলে আকাশ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?