কলকাতা: বিগ বস বাংলা (Big Boss Bangla) বর্তমানে বাংলা দর্শকদের কাছে চর্চার কেন্দ্রে। প্রিয় তারকার রোজনামচা দেখতে অনেকেই নিয়মিত চোখ রাখেন টিভি বা ওটিটি প্ল্যাটফর্মের পর্দায়। আর এই ঘরের প্রতিযোগী, সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহাকে (Durnibar Saha) নিয়ে চর্চার অন্ত নেই। দুর্নিবারের সঙ্গে সৃজলা গুহর (Srijla Guha)-র সম্পর্ক নিয়ে বর্তমানে জলঘোলা হচ্ছে বিস্তর। দুর্নিবার এবং সৃজলা কখনোই ক্যামেরার সামনে একে অপরকে ভাললাগা বা ভালবাসার কথা বলেননি। তবে বিগ বসের ঘরের একাধিক সদস্য দুর্নিবারকে এই ইঙ্গিত দিয়েছিলেন বা সরাসরি বলেছিলেন যে, তাঁর এবং দুর্নিবারের বন্ধুত্ব আপাতদৃষ্টিতে সহজ, সরল বলে মনে হয় না বাহ্যিকভাবে দেখে। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিস্তর চর্চা হচ্ছে বর্তমানে। আর দুর্নিবারের ছবি ব্যবহার করে, তাঁকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করলেন, জনপ্রিয় ইউটিউবার, ‘বং গাই’ (Bong Guy) ওরফে কিরণ দত্ত (Kiran Dutta)।
দুর্নিবারের ছবি ব্যবহার করে, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন ‘বং গাই’?
সোশ্যাল মিডিয়ায় আজ কিরণ দত্ত দুর্নিবারের একটি ছবি শেয়ার করে নিয়েছেন। সঙ্গে লিখেছেন, ‘তৃতীয়ার শুভেচ্ছা সবাইকে’। দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো, হিসেব অনুযায়ী আজ তৃতীয়া। দুর্নিবারের ছবি ব্যবহার করে, এই লাইনটি লেখার ইঙ্গিত বুঝেছেন অনেকেই। দুর্নিবার বিবাহিত। শিল্পী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক ঐন্দ্রিলা সেনের সঙ্গে বিবাহ হয়েছে দুর্নিবারের। তাঁদের একরত্তি সন্তানও রয়েছে। তবে এর আগে একটি বিবাহিত সম্পর্কে ছিলেন দুর্নিবার। মীনাক্ষীর সঙ্গে বিবাহ হয়েছিল সঙ্গীতশিল্পীর। তবে সেই বিয়ের মধুরেণ সমাপয়েৎ হয়নি। খুব অল্প সময়ে ভেঙে যায়, দুর্নিবার-মিনাক্ষীর বিয়ে। বিবাহবিচ্ছেদের পরে, নতুন করে জীবন শুরু করেছেন দুর্নিবার এবং মীনাক্ষী ২ জনেই। দুর্নিবার বিয়ে করেন ঐন্দ্রিলা সেনকে এবং বর্তমানে মীনাক্ষীও বিবাহিত। অতীত অধ্যায় কাটিয়ে এসেছেন তাঁরা।
বারে বারে প্রশ্নের মুখে দুর্নিবার আর সৃজলার সম্পর্ক
বিগ বসের ঘরে দুর্নিবার আর সৃজলার বন্ধুত্ব নিয়ে বারে বারে প্রশ্ন উঠেছে। এর আগে, নিরঞ্জন আর ঝিলাম দুর্নিবারকে একাধিকবার বোঝানোর চেষ্টা করেছেন যে, তাঁর ও সৃজলার মধ্যে যে সম্পর্ক তাকে শুধু বন্ধুত্ব বলে মনে হয় না অনেকেরই। দুর্নিবার এবং সৃজলা যেভাবে কথা বলেন, যেভাবে একে অপরের সঙ্গে ব্যবহার করেন, সেটাকে শুধুই বন্ধুত্ব বলে মেনে হয় না, এমনটিই দুর্নিবারকে বসেছিলেন ঝিলাম এবং নিরঞ্জন। সেই সময়ে দুর্নিবার বলেছিলেন, তিনি বিষয়টা মাথায় রাখবেন।
সর্বশেষ এপিসোডে সমীকরণ বদলে যায় অনেকটাই। এদিন সোনামণি দুর্নিবারকে এসে আলাদা করে বলেন, সৃজলা নাকি তাঁকে বলেছেন যে, দুর্নিবার সৃজলাকে জানিয়েছেন যে, তিনি তাঁকে পছন্দ করেন। সোনামণির কথায়, ‘সৃজলা আমায় বলে, আমার খুব ভয় করছে সোনা! একদিকে দুর্নিবার, অন্যদিকে জিতু। কী করব আমি জানি না।’ পাশাপাশি এ ও জানান যে, সৃজলা উল্লেখ করেছেন দুর্নিবার এ কথা মাইক না পরে বলেছেন। সোনামণি দুর্নিবারের কাছে জানতে চান, কথাটি সত্যি কি না? দুর্নিবার এর উত্তর অবশ্য সোনামণিকে দেননি। তিনি বলেন, তিনি তাঁর কাজের মধ্যে দিয়েই এর উত্তর দিয়ে দেবেন। পাশাপাশি দুর্নিবার এ ও বলেন যে, সোনামণি যদি এই প্রসঙ্গ আর না তোলেন বা কথাটা আর কাউকে না বলেন, তাহলে তিনি সোনামণিকে সাহায্য করবেন খেলায়। 
আর এই এপিসোড সম্প্রচারিত হওয়ার পরেই, আজ সকালে কিরণ দত্ত এই পোস্টটি করেছেন। কারও নাম না দিয়ে, কেবল দুর্নিবারের ছবি ব্যবহার করেই কিরণের এই মজা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।