কলকাতা: সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা বানাবে অশোক লেল্য়ান্ড। এমনই আশার কথা শোনালেন, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। অবশেষে কি শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুর? নতুন করে বুক বাঁধছে সেখানকার মানুষজন। ১৮ অক্টোবর পদের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরেও বিরোধী দলনেতা রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একইভাবে বেআইনিভাবে এখনও মুখ্যসচেতক পদে আখরুজ্জামান। এই অভিযোগ তুলে থানায় গেলেন শোভনদেব চট্টোপাধ্যায়। মমতা-তৃণমূলের বিধায়কের দাবি, হেয়ার স্ট্রিট থানা তাঁর অভিযোগ নেয়নি। নাটক করে ফুটেজ খাওয়ার চেষ্টা বলে শোভনদেবকে কটাক্ষ করেছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস।
আরও চড়ল মমতা-তৃণমূল ও গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘাতের পারদ! বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও মুখ্য সচেতক আখরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ করতে থানায় চলে গেলেন শোভনদেব চট্টোপাধ্যায়। মমতা-তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান বিধায়কের দাবি হল, ১৮ অক্টোবর বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচেতকের পদে আখরুজ্জামানের মেয়াদ শেষ হয়ে গেছে। তবু কীভাবে এখনও বেআইনিভাবে পদে থেকে বেতন নেওয়া থেকে শুরু করে সমস্ত সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের ওই দুই বিধায়ক? সেই বিষয়ে আইনি পদক্ষেপের দাবি করে শনিবার হেয়ার স্ট্রিট থানায় পৌঁছে যান মমতা-তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।
বিধানসভা ভোটে ভরাডুবির পর ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তৃণমূল। সিংহভাগ বিধায়কের সমর্থনে বিরোধী দলনেতা হন ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্য সচেতক করা হয় আখরুজ্জামানকে। তাতে সম্মতি জানান বিধানসভার স্পিকারও। এরপর ওই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শোভনদেব চট্টোপাধ্য়ায়।কিনতু স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সিঙ্গল বেঞ্চ অন্তবর্তী নির্দেশ দিতে রাজি না হওয়ায়, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান শোভনদেব চট্টোপাধ্যায়। গত ১৮ অগাস্টের শুনানিতে, বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয়কুমার গুপ্তর বেঞ্চ জানায়… ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঘোষণা করার সিদ্ধান্তকে, অধ্যক্ষের অস্থায়ী সিদ্ধান্ত হিসাবে গণ্য করা হবে। এমনকী আখরুজ্জামানকে যে চিফ হুইফ করা হয়েছে, সেই সিদ্ধান্তকেও অস্থায়ী হিসেবে ধরা হবে।
এর পাশাপাশি এই মামলা সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠিয়ে ২ মাসের মধ্যে বিষয়টির নিষ্পত্তি করার নির্দেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ১৮ অক্টোবর, সেই মেয়াদ ফুরিয়ে গেলেও বেআইনিভাবে পদ আঁকড়ে রয়েছেন ঋতব্রত ও আখরুজ্জামান, এমনটাই দাবি করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। যা নিয়ে পুলিশের কাছে নালিশ ঠুকতে যান মমতা-তৃণমূলের বিধায়ক।