কলকাতা: সিঙ্গুরে ফের আশার আলো। শিল্প ফিরছে সিঙ্গুরে? এবার এমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও সাংসদ সুকান্ত মজুমদার। গত ৫ নভেম্বর, রাজ্য়ের নতুন শিল্পনীতি ঘোষণার দিন সিঙ্গুর নিয়ে আশার আলো দেখিয়েছেন মুখ্য়মন্ত্রীও। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে তাঁর সরকার কিছু একটা করবে। তাঁর সঙ্গে অশোক লেল্য়ান্ডের কথাবার্তা হচ্ছে। ওরা প্রাথমিকভাবে তাঁকে কিছু প্রস্তাবও দিয়েছিল। এবার এই আশার কথা শোনালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও।

সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা বানাবে অশোক লেল্য়ান্ড। এমনই আশার কথা শোনালেন, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। অবশেষে কি শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুর? নতুন করে বুক বাঁধছে সেখানকার মানুষজন। সিঙ্গুরে কারখানা নিয়ে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ”সৌভাগ্যবশত পশ্চিমবঙ্গে এখন এমন একটি সরকার তৈরি হয়েছে যে সরকার শিল্পকে আনতে চায়। কিছুদিনের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী জানালেন, আগেও জানিয়েছেন আপনাদেরকে যে অশোক লেল্য়ান্ড আসবে। তারা সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা তৈরি করবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই দিকে যাচ্ছি।” 

২০০৬ সাল, বুদ্ধদেব ভট্টাচার্যে আমলে সিঙ্গুরে ছোট গাড়ি তৈরির কারখানা তৈরির বীজ বোনা হয়েছিল সিঙ্গুরে। কিন্তু, তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন শুরু করেন অনিচ্ছুক কৃষকরা। ২০০৮-এর ৬ই সেপ্টেম্বর রাজ্যপালের মধ্যস্থতায় বুদ্ধদেব ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক বসলেও কোনও সমাধান সূত্র মেলেনি। তার ১ মাস পর, দুর্গাপুজোর ষষ্ঠীর দিন সিঙ্গুর থেকে কারখানা সরানোর ঘোষণা করেন রতন টাটা। ক্যালন্ডারের পাতা উল্টে চলে গেছে আঠেরোটা বছর। কিন্তু শিল্পের শিকে ছেঁড়েনি সিঙ্গুরের কপালে। 

বিধানসভা ভোটের আগে, সিঙ্গুর নিয়ে নতুন করে স্বপ্ন দেখায় বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, সিঙ্গুরে শিল্প পার্ক তৈরি হবে, ৫০ শতাংশ জমি ছোট শিল্পের জন্য থাকবে। আর এবার সিঙ্গুরে শিল্প আসার আশ্বাস দিচ্ছেন বিজেপির শীর্ষ নেতারা। যদিও বিরোধীরা এই নিয়ে অন্য কথা বলছেন। সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেন, ”সিঙ্গুরে গত ২০ বছর ধরে কত লোকের আসার গল্প শুনলাম। কখনও সরষে ফুল চাষ দেখেছিলাম সরষের বীচ ছড়িয়ে। কখনও শুনেছিলাম ওখানে নাকি একটা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ তৈরি হচ্ছে। আপনাদের মনে আছে তৃণমূল আমলে মমতা বন্দ্যোপাধ্যায় জার্মানিতে গিয়ে ওখানে ফক্সওয়াগন কোম্পানির সঙ্গে বৈঠক করে বলেছিলেন এখানে নাকি কোম্পানির ইনভেস্টমেন্ট আসবে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর, তাপস রায় বললেন, সিঙ্গুরে নাকি টাটাকে ফেরানোর জন্য আলোচনা করছেন। অনেক শুনেছিলাম। কিন্তু এর পরিণতি আমাদের দেখা আছে। মুশকিলটা হচ্ছে, আজকে যদি আমরা তর্কের খাতিরে ধরে নি যে অশোক লেল্যান্ড বা কোনও এক কোম্পানি সিঙ্গুরে কারখানা করবে, তা হলেও ২০০৬ সালে পশ্চিমবঙ্গের যে ছেলেটার বা মেয়েটার বয়স ছিল ২২ কি ২৩ বছর আজকে তার বয়স ৪২ বা ৪৩. তার যে জীবনের এই সোনার সময়টি চলে গেছে, তার যে যৌবনটা চলে গেছে, এই সময়টা সুকান্ত মজুমদারও ফেরত দিতে পারবে না, শুভেন্দু অধিকারীও ফেরত দিতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ফেরত দিতে পারবেন না, স্বয়ং ভগবান এসেও ফেরত দিতে পারবেন না। সুতরাং এদের যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *