দক্ষিণ ২৪ পরগনা, ডায়মন্ড হারবার : দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে প্রচুর টাকার বান্ডিল। তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি। মিলল কোটি টাকার হদিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায়কে জেরা করে টাকার হদিশ পাওয়া বলে পুলিশ সূত্রে খবর। তৃণমূলের পার্টি অফিস থেকে ১ কোটি টাকার বেশি উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। পুলিশের জেরায় অভিষেকের আপ্তসহায়ক সুমিতের দেওয়া তথ্যের ভিত্তিতে ডায়মন্ড হারবার থানা তরফে তল্লাশি চালানো হয় সরিষার তৃণমূলের ওই পার্টি অফিসে।
সরিষায় তৃণমূলের পার্টি অফিস থেকে কোটি টাকার হদিশ পেয়েছে পুলিশ। নগদ নোটে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকার হদিশ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। তৃণমূলের পার্টি অফিসে নগদে কেন এত টাকা? কোথা থেকে এল এই টাকা? কী কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল? এইসব প্রশ্নের উত্তর নিয়ে তৈরি হয়েছে প্রচুর রহস্য। তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, জোকায় সরকারি জমির মাটি চুরির মামলায় হেফাজতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। এই সুমিতকে জেরা করেই বান্ডিল বান্ডিল নোটের হদিশ পাওয়া গিয়েছে তৃণমূলের পার্টি অফিসে, দাবি পুলিশের। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে, সরিষার এই পার্টি অফিসেই বসতেন শামিম আহমেদ। বর্তমানে গণতান্ত্রিক তৃণমূলের বিধায়ক শামিম আহমেদ। মগারাহাট পশ্চিমের বিধায়ক এই শামিম আহমেদ।
অন্যদিকে জানা গিয়েছে, খড়গপুর স্টেশনে উদ্ধার হয়েছে কোটি টাকা। জনশতাব্দী এক্সপ্রেসের যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে ১ কোটি ৪০ লক্ষ টাকা। যাঁরা ব্যাগ থেকে টাকা উদ্ধার করা হয়েছে তিনি হাওড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। ওই যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে GRP-র। জানা গিয়েছে, হাওড়া থেকে টাটা যাচ্ছিলেন হাওড়ার বাসিন্দা রাহুল সোনি নামের ওই যুবক। খড়গপুর স্টেশনে ট্রেন থামতেই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। তাঁর ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয়েছে ১ কোটি ৪০ লক্ষ টাকা।