কলকাতা: মা হওয়ার পরে, এই প্রথম পুজো কাটাচ্ছেন অভিনেত্রী সোহিনীর সরকার (Sohini Sarkar)। পুজোয় মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) নতুন সিনেমা ‘বহুরূপী ২’ (Bohurupi 2)। এই ছবিরই গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন, সোহিনী। তবে ছবির ব্যবসা, সাফল্য এই সমস্ত কিছুর থেকে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাঁর মাতৃত্ব। সদ্য মা হয়েছেন সোহিনী। একরত্তি ছেলেকে বুকে নিয়ে, এই প্রথম সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন অভিনেত্রী।
ছেলের সঙ্গে ছবি শেয়ার করলেন সোহিনী
সোশ্যাল মিডিয়ায় আজ একটি ছবি শেয়ার করে নিয়েছেন সোহিনী। সেখানে দেখা যাচ্ছে, ছেলেকে বুকে নিয়ে, গা এলিয়ে শুয়ে রয়েছেন তিনি। হলুদ জানলায় ঢাকা পর্দা দিয়ে চুঁয়ে আসছে রোদ। জানলায় রাখা গাছ, বই.. সব মিলিয়ে এ ছবি যেন বড়ই আরামের। নতুন মায়ের বুকের মধ্যে, আরামে ঘুমিয়ে রয়েছে একরত্তি। চোখ বন্ধ সোহিনীরও। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে সোহিনী লিখেছেন, ‘আমাদের পুজো।’ পাশাপাশি জানান, ছবিটি তুলে দিয়েছেন, শোভন নিজেই। চলতি মাসের শুরুতেই জন্মদিন ছিল সোহিনীর। ছেলেকে কোলে নিয়েই তিনি জন্মদিনের কেক কেটেছিলেন। পুরোদমে কাজ শুরু করার আগে, কিছুটা বিরতি নিচ্ছেন সোহিনী। এই সময়টা তিনি ছেলের সঙ্গে, পরিবারের সঙ্গেই কাটাতে চান। সোশ্যাল মিডিয়াতেও সোহিনীর সেই পরিবারের সঙ্গে, একরত্তি ছেলের সঙ্গে সময় কাটানোর টুকরো টুকরো ছবিই শেয়ার করে নিয়েছেন তিনি। আজ সোহিনী যে ছবি শেয়ার করে নিয়েছেন, সেখানে তাঁকে ভালবাসায় ভরিয়েছেন অনুরাগীরা।
সেপ্টেম্বর মাসের ২০ তারিখ মা হয়েছেন সোহিনী, কোলে এসেছে পুত্রসন্তান। যে সময়ে সোহিনী জানতে পেরেছিলেন যে তিনি অন্তঃসত্ত্বা, সেই সময়ে তিনি বহুরূপী ২-এর শ্যুটিং করছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থাতেই, খুব সাবধানতা অবলম্বন করে শ্যুটিং সারেন তিনি। তবে নিয়মিত কাজ করে গিয়েছেন সোহিনী। বিভিন্ন অনুষ্ঠানে, সাক্ষাৎকারে তাঁকে দেখা গিয়েছে। বারে বারে বলতে শোনা গিয়েছে তাঁকে, জীবনের নতুন অধ্যায় কতটা উপভোগ করছেন তিনি। আর এখন তাঁর জীবনের নতুন অধ্যায়। নতনু মাতৃত্বে ভাসছেন সোহিনী, উপভোগ করছেন জীবনের প্রত্যেক মুহূর্ত।
আরও পড়ুন: Tiger Shroff: হামলার আগে, হুমকি পেয়েছিলেন টাইগার শ্রফ? আঁচ করেছিলেন বিপদ? কী জানাচ্ছে পুলিশ?