
পুজো মুক্তি পেয়েছে, ‘দেশু সেভেন’ (DeSu7)। দেব (Dev) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly) সপ্তম সিনেমা আপাতত প্রেক্ষাগৃহে চলছে। কেমন ব্যবসা করল সেই ছবি, তার উত্তর দেবে সময়। তবে অষ্টমীতে ছবির নায়িকাকে একেবারে পাওয়া গেল ঘরোয়া মেজাজে।

আজ মহাষ্টমী। সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন, শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুধু তিনি নন, কেবলমাত্র শুভশ্রীর সঙ্গে অনেকগুলি মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন স্বামী রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও। ক্যাপশানে লিখেছেন, ‘আমার শুভ’।

আর শুভশ্রী একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন স্বামী রাজ, তাঁর পরিবার এবং দুই পুত্র ও কন্যাসন্তান, ইউভান এবং ইয়ালিনির সঙ্গে। একসঙ্গে মণ্ডপে গিয়েছিলেন তাঁরা। গোটা দিনই পরিবারের সঙ্গে কাটিয়েছেন পরিচালক আর নায়িকার জুটি। মিষ্টি সেই সমস্ত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তাঁরা।

তবে মাত্র কয়েকটা মাস আগেই টলিউডে গুঞ্জন ছড়িয়েছিল যে, রাজ-শুভশ্রীর সুন্দর দাম্পত্যে নাকি ফাটল ধরা দিয়েছে। সমস্যা গড়িয়েছে এতটাই যে, এক ছাদের তলায় আর থাকছেন না তাঁরা। বাড়ির বয়োজ্যেষ্ঠদের হস্তক্ষেপ করতে হচ্ছে পরিচালক আর নায়িকার সংসার বাঁচানোর জন্য!

গুঞ্জনের এখানেই শেষ নয়, টলিউডের একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছিল না রাজ-শুভশ্রীকে। বিষয়টি নিয়ে চর্চা হয়েছিল বিস্তর। তারপরে রাজ-শুভশ্রীকে একসঙ্গে দেখা গেলেও, তাঁদের মধ্যে কোথাও যেন তালমিলের অভাব দেখেছিলেন নেটিজেনরা। অনেকেই বলেছিলেন, এক ফ্রেমে ধরা দিলেও তাঁদের মধ্যে আগের মতো সমীকরণ দেখা যাচ্ছে না।

আর সেই একই সময়ে, বারে বারে শিরোনামে উঠে এসেছিল, দেবের সঙ্গে শুভশ্রীর রসায়ন। ছবিতে অভিনয় এবং প্রচারের সৌজন্যে নজর কেড়েছে, শিরোনামে জায়গা করে নিয়েছে তাঁদের বন্ধুত্ব। টলিউডে কান পাতলে শোনা যাচ্ছিল, এই ‘বন্ধুত্বের’ জেরেই নাকি রাজ এবং শুভশ্রীর সম্পর্কে সমস্যা শুরু।

তবে দেবকে একাধিকবার রাজের প্রশংসা করতে শোনা গিয়েছে। তিনি বলেছেন, রাজ এবং রুক্মিণী মৈত্রের সমর্থন না থাকলে, তিনি এবং শুভশ্রী এই ছবিতে অভিনয় করতে পারতেন না। অন্যদিকে ‘দেশু৭’-এর গান শেয়ার করে, শুভশ্রীর সঙ্গে ছবিও শেয়ার করেছিলেন রাজ।

তবে আজ রাজ এবং শুভশ্রী ফের একসঙ্গে ছবি শেয়ার করে যেন প্রমাণ করে দিলেন, তাঁদের সংসারে আদৌ কোনও সমস্যা তৈরি হয়নি। তাঁরা কাজ এবং ব্যক্তিগত সম্পর্ক দুয়ের দাঁড়িপাল্লার ভারসাম্য রক্ষা করতে জানেন খুব সাবলীলভাবেই। ছবি মুক্তি পেয়েছে বটে, কিন্তু রাজ-শুভশ্রীর ব্যক্তিগত রসায়ন আছে আগের মতোই।

অন্যদিকে দেবও আপাতত ব্যস্ত ছবির প্রচার নিয়ে। ‘দেশু৭’-এ অভিনয় করার পাশাপাশি, তিনি এই সিনেমার পরিচালক এবং প্রযোজক ও। আর শুভশ্রী? তিনি আপাতত ব্যস্ত নিজের সংসার নিয়ে। সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী আর রাজের মিষ্টি সমীকরণ দেখে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা।

ইউভান আর ইয়ালিনির মিষ্টি ছবি দেখে নেটিজেনরা ভালবাসায় ভরিয়েছেন ইউভান ইয়ালিনিকে
Published at : 19 Oct 2026 09:32 PM (IST)