মুম্বই: সুশান্ত সিংহ রাজপুত নেই। নয় নয় করে ছ’বছর পার। কিন্তু আজও একাধিক প্রশ্নের উত্তর অধরা। কী থেকে কী হল, তা নিয়ে হাজারো তত্ত্ব উঠে এসেছে। কিন্তু আজ পর্যন্ত হিসেব মেলাতে পারেননি অনুরাগীরা। তবে এবার সুশান্তকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন বর্ষীয়ান অভিনেত্রী স্মিতা জয়কর। (Sushant Singh Rajput)
অভিনয়ের পাশাপাশি আধ্য়াত্মিক নিরাময়ের জগতে খ্যাতি অর্জন করেছেন স্মিতা। বলিউডের অনেক তারকাই তাঁর আশ্রমে যান বলে জানা গিয়েছে। সেই স্মিতাই সুশান্তের জীবনের অজানা দিকগুলি তুলে ধরলেন এবার। জানালেন অবসাদে ভুগছিলেন সুশান্ত। চিকিৎসাও চলছিল তাঁর। বান্ধবী রিয়া চক্রবর্তী সেই সময় সুশান্তের পাশে ছিলেন। (Smita Jayakar)
আরও পড়ুন: মাসে ২ লক্ষ ৬৫ হাজার টাকা বেতন, শুধু পেঙ্গুইন গুনতে হবে, আন্টার্কটিকায় চাকরির সুযোগ
একটি সাক্ষাৎকারে সম্প্রতি সুশান্তকে নিয়ে অজানা কথা তুলে ধরেছেন স্মিতা। তিনি বলেন, “সুশান্ত সিংহ রাজপুত যখন হিন্দুজা হাসপাতালে ভর্তি ছিল, আমি ওর আরোগ্যের জন্য ছুটে গিয়েছিলাম। সেখানে অবসাদের চিকিৎসা চলছিল ওর। রিয়া আমাকে ডেকেছিল। রিয়ার সঙ্গে ‘সোনালি কেবল’ ছবিতে কাজ করেছিলাম। ও আমাকে আগেই বলেছিল সব। ওই সময় আমার কথাই মনে পড়ে ওর, তাই যোগাযোগ করে। আমি ওকে বলি যে আসছি দেখা করতে।”
সুশান্তের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে স্মিতা বলেন, “ওই সময় ওর ওষুধ চলছিল হয়ত। ভাল করেই কথা বলে আমার সঙ্গে। হাসিখুশিও দেখাচ্ছিল। আমি ওকে আশ্রমে আনতে চাইছিলাম। ও আসতেও প্রস্তুত। ওই রাতেই রিয়া মেসেজ করে আমাকে যে ‘স্মিতা, আবার পরিস্থিতির অবনতি হচ্ছে’। শেষ পর্যন্ত ওটাই হল। একবার যদি আসত ও, একবার যদি সাহায্য় করতে পারতাম…।”
আরও পড়ুন: দশেরায় গণধর্ষণের শিকার কিশোরী, রাতভর নির্যাতন চালাল ৭ পাষণ্ড, অপরাধে শামিল ৩ নাবালকও
সুশান্তের মৃত্যুর পর তাঁকে নিয়ে নানা তথ্য উঠে আসে। তিনি মাদকাসক্ত হয়ে পড়েছিলেন বলে শোনা যায়। স্মিতা যদিও ওই বিতর্ক নিয়ে কিছু বলতে চাননি। তবে সুশান্তের মৃত্যুর খবর পেয়ে কী প্রতিক্রিয়া হয়েছিল, তা জানান তিনি। স্মিতাকে বলতে শোনা যায়, “যখন ওর মৃত্যুর কথা জানতে পারলামস খালি মনে হচ্ছিল, কেন এল না আমার কাছে? কেন এল না? সাহায্য করতে পারতাম।”
সুশান্তের মৃত্যুতে সবচেয়ে ঝড়ঝাপ্টা পোহাতে হয় রিয়াকে। কিন্তু স্মিতা জানিয়েছেন, রিয়া সুশান্তকে সাহায্য করতে চাইছিলেন। তাঁর কথায়, “রিয়াই সেই জন, যে ওই সময় সুশান্তের পাশে ছিল, ওকে সাহায্য় করতে চাইছিল। নিরীহ মেয়েটাকে টেনে আনা হল এসবে। আমি ওর সঙ্গে কাজ করেছিলাম। কী মিষ্টি মেয়ে ও।”
২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় সর্বত্র। শুরু হয় তদন্ত। গ্রেফতার হন রিয়া, তাঁর ভাই শৌভিক। রিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ তোলে সুশান্তের পরিবার। তবে শেষ পর্যন্ত সিবিআই ফাইল ক্লোজ করে দেয়। জানায়, সুশান্তের মৃত্যুতে রিয়া বা তাঁর পরিবারের বিরুদ্ধে কোনও রকম অপরাধমূলক কাজের প্রমাণ পাওয়া যায়নি। সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলেই উল্লেখ করে সিবিআই।