কলকাতা: সদ্যই মুম্বইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের (Tiger Shroff) ওপর গুলি চলার ঘটনায়, স্ত্রস্ত হয়ে রয়েছে বলিউড। একাধিক তারকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি এই সংবাদও উঠে এসেছে, এই হামলার প্রাথমিক লক্ষ্য ছিলেন, সলমন খান (Salman Khan)। কিন্তু তাঁর কড়া নিরাপত্তা দেখে মতবদল করে অভিযুক্তরা। হামলা চালানো হয়, টাইগার শ্রফের ওপর। অন্যদিকে, এই খবরও প্রকাশ্যে এসেছে যে, টাইগার শ্রফের ওপর হামলা করার আগে, রেকি করা হয়েছিল, অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), রণবীর কপূর (Ranbir Kapoor) সহ একাধিক তারকার বাড়িতে। আর এবার, মুম্বইয়ে এবার অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি এল!
বৃহন্মুম্বই পুরসভায় মেল করে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়া-সহ একাধিক হুমকি
জানা গিয়েছে, আজ একটি ইমেল মারফত, অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তবে শুধু অমিতাভ বচ্চনই নন, গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকেও নিশানা করার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি, বোমা মেরে মুম্বইয়ের বেশ কিছু স্কুল উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। মুম্বইয়ের মেয়রের দফতরেও বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে। যেহেতু সদ্যই টাইগার শ্রফের ওপর হামলার ঘটনা ঘটেছে, তাই এই সমস্ত হুমকিকে বেশ গুরুত্ব দিয়েই দেখছে পুলিশ। জায়গায় জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে অভিনেতার তরফ থেকে জানানো হয়েছে, সরাসরি অমিতাভ বচ্চন বা দিলজিৎ দোসাঞ্জকে হুমকি মেল পাঠানো হয়নি। বৃহন্মুম্বই পুরসভা (Brihanmumbai Municipal Corporation) বা BMC-এ একটি ইমেল করা হয়েছে এদিন। সেখানেই নাম রয়েছে, অমিতাভ বচ্চন, দিলজিৎ দোসাঞ্জের। পাশাপাশি নাম রয়েছে একাধিক স্কুল এবং মেয়রের দফতর উড়িয়ে দেওয়ার হুমকিও।
বৃহন্মুম্বই পুরসভা (Brihanmumbai Municipal Corporation) বা BMC-এ যে ইমেলটি করা হয়েছে, সেখানে গোটা বিষয়টা লেখা হয়েছে পঞ্জাবি ভাষায়। স্মিথ জনসন নামে এক ব্যক্তির মেল আইডি থেকে এই মেলটি পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার দায়স্বীকার কেউ করেনি। তবে পুলিশ জানিয়েছে, এই মেলে যে সমস্ত জায়গার উল্লেখ রয়েছে, সঙ্গে সঙ্গে সেই সমস্ত জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে এইসব জায়গায় কোনও সন্দেহজনক গতিবিধি নজরে পড়েনি। পুলিশ গোটা বিষয়টার তদন্ত করছে।
আরও পড়ুন: Tanusree Chakraborty: বিয়ের পরে প্রথম পুজো কাটল বিদেশের মাটিতে, কেমন অভিজ্ঞতা হল তনুশ্রীর?