কলকাতা: কলকাতা মেডিক্যালের পর আর জি কর হাসপাতাল, ফের গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ উঠল। মধ্যমগ্রামের ২৮ দিনের শিশুর মৃত্যু, গাফিলতির অভিযোগ দায়ের পরিবারের।
গত ১৮ অক্টোবর শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার সমস্যা নিয়ে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয় ওই শিশুকে। আজ শিশুর মৃত্যুর পরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করে পরিবার। সঙ্কটজনক অবস্থায় ওই শিশুকে ভর্তি করা হয়, চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। লিখিত অভিযোগ জমা পড়লে তদন্ত হবে, আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের।
সিক নিউ বর্ন কেয়ার ইউনিটে চিকিৎসা চলছিল সদ্যোজাতর। চিকিৎসকদের গাফিলতিতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। অভিযোগ, ভেন্টিলেশনে রাখা হলেও পরে ওই শিশুর শারীরিক অবস্থার উন্নতি হয়। কিন্তু বুধবার সকালে ওই শিশুর মৃত্যু হয়। তারপরই ওই শিশুর পরিবার থানায় যায় অভিযোগ জানাতে।
আর জি কর মেডিক্যাল কলেজ থেকে জানানো হয়েছে, শিশুটির সবরকম চিকিৎসা করা হয়েছিল। ভেন্টিলেটর সাপোর্ট থেকে শুরু করে অ্য়ান্টিবায়োটিক্স, সবরকম ব্যবস্থাই করা হয়েছিল। শিশুটির নিউমোনিয়া হয়েছিল। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, সেপসিস হওয়ায় শিশুটির পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে লিখিত অভিযোগ জমা পড়লে সবরকম তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মৃত শিশুর বাবা অভিযোগ করেছেন, ‘যা রিপোর্ট রয়েছে, কোনওটাতেই অস্বাভাবিক কিছু নেই। ফুসফুসে কোনও সমস্যা ছিল না। বাচ্চার বমি হয়েছিল। আমাকে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কেউ কিছু বলেননি। আমি আবেদন করব হাসপাতালের এই বিভাগের কাছে যাতে আমার সন্তানের বিস্তারিত মেডিক্যাল রিপোর্ট আমাকে দেওয়া হয়।’
কমছে ক্যান্সারের ওষুধের দাম
সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পরই কমছে ক্যান্সারের ওষুধের দাম। ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ক্যান্সারের বহু ওষুধের দাম কমছে। দাম কমানোর সিদ্ধান্ত প্রায় সব ওষুধ প্রস্তুতকারী সংস্থার। ৯ নভেম্বর থেকে নুতন দাম কার্যকর হবে, জানাল সংস্থাগুলি।
১৭ অক্টোবর ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির নোটিস। তালিকাভুক্ত নয় এমন ১৩৭টি ক্যান্সারের ওষুধে সর্বোচ্চ ৩০% লাভের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে NPPA। NPPA-এর নোটিসের জেরে সিদ্ধান্ত, জানাল একাধিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা। “খুচরো বিক্রেতাদের কেনা দামের সঙ্গে সর্বোচ্চ বিক্রির দামের মধ্যে বিস্তর ফারাক কেন?” “কেন ওষুধ প্রস্তুতকারী সংস্থার পক্ষে কাজ করছে প্রশাসন?” গতকালই দু’টি মামলার শুনানিতে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট।