কলকাতা: ক্যানসারের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলেছেন যে সমস্ত মানুষ, তাঁদের জন্য সুখবর। এই রোগের চিকিৎসা শুধু যে কষ্টসাধ্য তা নয়, যথেষ্ট খরচসাপেক্ষ ও। তবে এবার সেই পথ সামান্য হলেও সুগম হতে চলেছে। সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পরই কমছে ক্যানসারের ওষুধের দাম। ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ক্যানসারের বহু ওষুধের দাম কমছে, এমনটাই খবর সূত্রের। দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে, প্রায় সব ওষুধ প্রস্তুতকারী সংস্থা, এমনটাই জানা যাচ্ছে। আরও খবর, ৯ নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে। সংস্থাগুলির তরফ থেকেও সেই খবরই দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পরই তড়িঘড়ি পদক্ষেপ, দাম কমছে ক্যানসারের ওষুধের
গত ১৭ অক্টোবর ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি একটি নোটিস পাঠিয়েছিল। সেখানে তালিকাভুক্ত নয় এমন ১৩৭টি ক্যানসারের ওষুধে সর্বোচ্চ ৩০% লাভের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। NPPA-এর নোটিসের জেরেই এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাল একাধিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা। গতকাল দুটি মামলার শুনানিতে, ২টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রশ্ন করা হয়, “খুচরো বিক্রেতাদের কেনা দামের সঙ্গে সর্বোচ্চ বিক্রির দামের মধ্যে বিস্তর ফারাক কেন?” আরও প্রশ্ন করা হয়, “কেন ওষুধ প্রস্তুতকারী সংস্থার পক্ষে কাজ করছে প্রশাসন?” আর এর পরেই, দাম কমাতে তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয় ওষুধের দাম কমানোর জন্য। ইতিমধ্যেই এই বিষয়ে কাজ করছে প্রায় সব ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি। ৯ নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে, এমনটাই জানানো হয়েছে।
উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
অন্যদিকে, উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার। ৬০% থেকে DA বেড়ে হল ৬৩%। যারফলে উপকৃত হবেন ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ ৩ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে কেন্দ্র। যার ফলে মূল বেতনের ৬০% থেকে বেড়ে হল ৬৩%। ১ জুলাই, ২০২৬ থেকে এই সংশোধিত হার কার্যকর হবে। এই ঘোষণায়, ফের বাড়ল রাজ্য় সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র ফারাক।