কলকাতা: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)-কে। সোশ্যাল মিডিয়ায় দীপাবলির দিন এই খবর শেয়ার করে নিতেই, উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। কয়েকদিন আগেই, সোশ্যাল মিডিয়ায় একটি ফেসবুক লাইভ করে রণজয় জানিয়েছিলেন, তিনি অসুস্থ। জ্বর এবং শ্বাসকষ্ট নিয়েই শ্যুটিং করছেন তিনি। তবে আজ সকালেই হাসপাতালে ভর্তি হওয়ার খবর দেন অভিনেতা। আর এরপরে সোশ্যাল মিডিয়ায় একটি বড় পোস্ট করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কী লিখেছেন রণজয় বিষ্ণু?

সোশ্যাল মিডিয়ায় এর আগে একটি পোস্ট করেছেন রণজয়। সেখানেই দেখা গিয়েছিল, হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন তিনি। নাকে অক্সিজেনের নল। তবে তাঁর হাতে ধরা একটি নোট। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে রণজয় লিখেছেন, ‘আমার সুস্থ হয়ে ওঠার, এর চেয়ে বড় অনুপ্রেরণা আর কিছু হতে পারে না! হয়তো এই পোস্টটা আমি করতাম না। কিন্তু আমার ভাগ্নীর লেখা এই কয়েকটা লাইন আমায় ভীষণভাবে স্পর্শ করেছে। মনে হয়েছে, এই ভালবাসা সবার সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। দ্রুত সুস্থ হয়ে ওঠার এর চেয়ে বড় অনুপ্রেরণা পৃথিবীতে আর কিছু হতে পারে না। এতগুলো মানুষের নিঃস্বার্থ ভালোবাসা, প্রার্থনা আর আশীর্বাদ যে একজন মানুষকে কতটা শক্তি দিতে পারে, সেটা এই কয়েকদিনে আরও একবার উপলব্ধি করলাম। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়া। ছোটবেলায় হয়তো এমন শরীর খারাপ হয়েছে, কিন্তু তারপর এতটা ভয়াবহ শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে কখনও যেতে হয়নি। গত দু’বছরে তো এমন অভিজ্ঞতা একেবারেই হয়নি। এবারের পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল, যখন সত্যিই খুব অসহায় লাগছিল। শ্বাস নিতে কষ্ট হওয়া থেকে শুরু করে একের পর এক শারীরিক সমস্যা, অসহ্য দুর্বলতা, আর সেই একটানা জ্বর—জ্বর যেন কিছুতেই কমতে চাইছিল না। বারবার মনে হচ্ছিল, এবার বোধহয় শরীরটা সত্যিই আর পারছে না। কিন্তু এই কঠিন সময়ে যে ভালোবাসা, সহযোগিতা এবং মানসিক শক্তি আমি পেয়েছি, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’

রণজয় আরও লিখেছেন, ‘আমি মন থেকে ধন্যবাদ জানাতে চাই, স্টার জলসাকে,বিশেষ করে রাজ চক্রবর্তীকে। পুরো ইউনিট এবং প্রোডাকশনের প্রত্যেকটি মানুষ যেভাবে আমার পাশে থেকেছেন, প্রতিটি মুহূর্তে যেভাবে সহযোগিতা করেছেন এবং ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের পরিচালক, বিশেষ করে হাসপাতালে ভর্তি হওয়ার সময় তাঁদের একটা কথাই আমাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গিয়েছিল—যতদিনই সময় লাগুক, যতটা সময় প্রয়োজন হোক, আগে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠো, তারপর কাজে ফিরবে। কাজের জন্য কোনও তাড়া নেই।’

 

আরও পড়ুন: Ranojoy Bishnu: দীপাবলিতে উদ্বেগজনক খবর, হাসপাতালে ভর্তি অভিনেতা রণজয় বিষ্ণু! কী হয়েছে তাঁর?

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *