সোমনাথ মিত্র, জাঙ্গীপাড়া: ঘূর্ণিঝড় “আকভান”-এর জেরে টানা বৃষ্টিতে চাষের জমিতে জল থইথই। কিন্তু জল নিকাশির ক্যানাল কচুরিপানায় ভর্তি। তাই জল নিকাশি সুগম রাখতে বিধায়ক নিজেই নেমে পড়লেন কচুরিপানা পরিষ্কার করতে!
জাঙ্গীপাড়ার বিজেপি বিধায়ক প্রসেনজিৎ বাগকে দেখা গেল বারমুডা পরে জলাশয়ের কচুরিপানা পরিষ্কার করতে। জাঙ্গীপাড়া বিধানসভার দিলাকাশ গ্রাম পঞ্চায়েতের বোড়হল গ্রামের নিকাশি ক্যানাল কচুরিপানায় ভর্তি হয়ে যায়। “আকভান”-এর জেরে কদিনের বৃষ্টিতে অনেক কৃষিজমিতেই জল দাঁড়িয়ে গিয়েছে। ক্যানাল দিয়ে জল নিষ্কাশন বাধাপ্রাপ্ত হচ্ছে কচুরিপানা থাকার কারণে। তাই কেন্দ্রীয় সরকারের জিরামজি প্রকল্পের মাধ্যমে কচুরিপানা পরিষ্কারের জন্য শ্রমিকদের সঙ্গে হাত লাগালেন বিজেপি বিধায়ক।
বিধায়ক প্রসেনজিৎ বাগ বলেন, ‘কদিনের বৃষ্টিতে ধানের জমিতে জল দাঁড়িয়েছে। কিন্তু ক্যানালে কচুরিপানার কারণে জল নিষ্কাশন হচ্ছে না। তাই ক্যানাল দ্রুত গতিতে পরিষ্কারের কাজ শুরু হয়েছে।’
ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় আকভান। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস, এখনই পুরোপুরি কাটছে না দুর্যোগের প্রভাব। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঝড়ের তীব্রতা কমলেও, ওড়িশা, ছত্তীশগঢ়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তর-পূর্বের কিছু অংশে ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর বলছে, ‘আকভান’ শুক্রবার ভোরেই দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। তারপর তা প্রবেশ করে স্থলভাগে। আপাতত সেটি নিম্নচাপে পরিণত হয়েছে।
তবে এ রাজ্যে রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলেই পূর্বাভাস। আগামীকাল থেকেই কমবে বৃষ্টি। আবহাওয়া দফতর বলছে, বৃষ্টি কমলেই পরের সপ্তাহ থেকে পাওয়া যাবে শীতের আমেজ। অন্য়দিকে, ঘূর্ণিঝড়ের দাপট কমার পর আজ থেকেই স্বাভাবিক ছন্দে ফিরেছে পুরী। ঘূর্ণিঝড় শক্তি হারাতেই একদিকে পুরীতে যখন ঝলমলে আকাশ, তখন শনিবারও সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতর সুত্রে খবর, রবিবার থেকেই কমবে বৃষ্টির পরিমাণ। পরের সপ্তাহেই মিলবে শীতের আমেজ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় আকভান। এর পরোক্ষ প্রভাবে রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে সোমবার পর্যন্ত আকাশের মুখ ভার থাকবে। মঙ্গলবার থেকে নামবে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহেই ধাপে ধাপে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮-এর কাছাকাছি চলে যেতে পারে। এদিকে উত্তরবঙ্গেও মঙ্গলবার শুষ্ক আবহাওয়া থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন: ভবিষ্যতের শুভমন গিল! ৩ কোটি টাকায় রেখে দিয়েছে কেকেআর, প্রতিদান দিতে তৈরি তরুণ