সৌভিক মজুমদার, কলকাতা: সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন জলপাইগুড়ির রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন। ৮ অক্টোবরের মধ্যে তাঁকে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশে কোনও হস্তক্ষেপ না করে মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।  আপনার (প্রশান্ত বর্মন) বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। গোটা বিচারব্যবস্থাকে উপহাসে পরিণত করেছেন আপনি। পুলিশই বা কী করছে? আপনারাও অভিযুক্ত প্রশান্ত বর্মনের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন। রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনের মামলায় এমনই কড়া মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার। কলকাতা হাইকোর্টের নির্দেশেও কোনও হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। প্রশান্ত বর্মনের মামলা খারিজ করে দিল সর্বোচ্চ আদালত।

আরও পড়ুন, টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের

গত বছরের ৩০ অক্টোবর, সল্টলেকের দত্তাবাদে উদ্ধার হয় স্বপন কামিল্যা নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দেহ। অপহরণ করে খুনের অভিযোগ তোলে পরিবার। এই ঘটনায় নাম জড়ায় জলপাইগুড়ির রাজগঞ্জের তৎকালীন BDO প্রশান্ত বর্মনের। BDO পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। গত ৬ অক্টোবর এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানি হয় প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাই-এর বেঞ্চে।  
 
প্রধান বিচারপতি নির্দেশ দেন, ৮ অক্টোবর দুপুর ৩টে ৩০-এর মধ্যে রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতে হবে। পাশাপাশি, আদালত নির্দেশ দেয়, এখনই বেতন বন্ধ করতে হবে অভিযুক্তর। বাজেয়াপ্ত করতে হবে সব সম্পত্তি। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত বর্মন। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে। 
 
প্রশান্ত বর্মনের আইনজীবীকে উদ্দেশ করে বিচারপতি অরবিন্দ কুমার বলেন, আপনার মক্কেলের (প্রশান্ত বর্মন) বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। গোটা বিচারব্যবস্থাকে উপহাসে পরিণত করেছেন আপনার মক্কেল। পাশাপাশি বিচারপতি প্রশ্ন তোলেন, পুলিশ কী করছে? আপনারাও অভিযুক্ত প্রশান্ত বর্মনের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন। আপনারা ইচ্ছাকৃতভাবে তাঁকে গ্রেফতার করছেন না। বিস্ময় প্রকাশ করে বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টের ইতিহাসে আমি প্রথমবার দেখলাম যে ৬ অক্টোবর হাইকোর্ট নির্দেশ দিল, ৭ অক্টোবর সুপ্রিম কোর্টে মামলা হল, আর এর মধ্যেই মামলা শুনানির জন্য চলে এল। এর রহস্য কী? কত মামলা তো মাসের পর মাস পরে আছে।
 
কলকাতা হাইকোর্টের নির্দেশে কোনও হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। প্রশান্ত বর্মনের মামলা খারিজ করে বিচারপতি বলেন, আমরা আশা করব পুলিশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী কাজ করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *