ABP Ananda LIVE : সবকিছু হাতছাড়া হওয়ার পর, প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখতে নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিকে, প্রতীক ও দলের নাম ফ্রিজ নিয়ে কালীঘাটের পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী। আর এই আবহে, পুরনো খুনের মামলায় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর গ্রেফতার ঘিরে তুঙ্গে উঠেছে চাপানউতোর।
এবারের ভোটে থাকছে না আঠাশ বছর আগে তৈরি হওয়া জোড়াফুল প্রতীক। কালীঘাট-তৃণমূলকে লড়তে হবে, ‘ফুটবলার’ চিহ্নে। আর ঋতব্রত-শিবির লড়বে ‘খাম’ প্রতীকে। ঘাসের ওপর জোড়া ফুল। এই প্রতীক আপাতত ব্যবহার করতে পারবে না ঋতব্রত-শিবির বা মমতা-শিবির কেউই। বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘কালীঘাট-তৃণমূল’ পেল ‘ফুটবল খেলোয়ার’ প্রতীক। আর ‘ঋতব্রত-তৃণমূল’ পেল ‘খাম’। জোড়া ফুল প্রতীক ফ্রিজ করে নির্বাচন কমিশন দু’পক্ষকে ২ নতুন প্রতীকে ভোটে লড়াই করার ছাড়পত্র দেওয়ার পরই, এই নিয়ে ধেয়ে আসছে কটাক্ষের বন্যা। যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে স্ট্যাচুর প্রসঙ্গ টেনে ‘কালীঘাট-তৃণমূল’-এর নতুন প্রতীক নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পাল্টা, নির্বাচন কমিশনের ফ্রি সিম্বলের তালিকায় ‘বালিশ’-এর প্রসঙ্গ টেনে ঋতব্রত-শিবিরকে কটাক্ষের সুরে নিশানা করলেন কুণাল ঘোষ।