নয়া দিল্লি: কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে সোমবার। প্রধান বিচারপতি সূর্য কান্ত মৌখিক ভাবে জানিয়েছেন, কলকাতা পুরভোট সংক্রান্ত সব মামলা একসঙ্গে শোনা হবে। ‘সিঙ্গল বেঞ্চে ওয়ার্ড পুনর্বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না’, এই নির্দেশ আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আর তারপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে।
আরও পড়ুন: সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতায় ফের হানা ইডির, একযোগে ১২ জায়গায় তল্লাশি
রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “আদালত কী সিদ্ধান্ত নেবে, সেটা তো আমি বলতে পারব না। কিন্তু আমরা আমাদের দল থেকে, আমাদের সরকার থেকে চাই যে নির্বাচনটা তাড়াতাড়ি হোক। কারণ পুরসভাগুলোতে কোনও জনপ্রতিনিধি নেই। আমরা আমাদের আধিকারিক, আমাদের কর্মীদের নিয়ে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এটা তো নিয়ম নয়। আর আমরা যতটা করছি এই ৬ মাসে, বিরোধী দলগুলো সেটাও করতে পারেনি শেষ ১৫ বছর বা শেষ ৩৪ বছরে। করতে পারেনি, করতে কাউকে দেয়ওনি। সেই কারণে আজকে বাংলার মানুষ তো বুঝতে পড়ছে। যে আমি ৫০ বছর কোথায় ছিলাম। আর এই সরকার আমাকে কী কী দেওয়ার চেষ্টা করছে। আর সেই কারণেই অনেকে আপ্রাণ চেষ্টা করছে যাতে নির্বাচনটা না হয়। কোনও ভাবে নির্বাচনটা বন্ধ করে দেওয়া, এটা হচ্ছে বিরোধীদের ইচ্ছা। করে নির্বাচন হবে সেটা আমি বলতে পারব না। সেটা তো নির্বাচন কমিশন ও আদালত বলবে। কিন্তু আমরা প্রস্তুত। নির্বাচন হোক তাড়াতাড়ি, এটাই আমরা চাই।”
আরও পড়ুন: গাড়ি থেকে উদ্ধার ৫ কোটি টাকা, আর সেই মামলার ডাকে সাড়া দিয়েই ভবানী ভবনে হাজিরা টুলু মণ্ডলের
শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় দেশের সর্বোচ্চ আদালত সব সময় নির্বাচনের পক্ষে। সুতরাং, যাঁরা নির্বাচনে দেরি করানোর চেষ্টা করছেন, তাঁরা এমন কেন করছেন সেটা সকলেরই জানা। মানুষের সমর্থন নেই। সাংগঠনিক শক্তি নেই। মানুষ দাঁড়াতে চাইবে কি না, জানি না। নির্বাচনে কত আসন তাঁরা পাবে কি পাবে না। সেটাও একটা বিষয়। সুতরাং তাদের জন্য ভোটটা না হলেই ভাল হয়। বা নির্বাচনটা পিছিয়ে গেলেই ভাল হয়। পরিষেবার ক্ষেত্রে এই সব লোকাল গভর্নমেন্টের নির্বাচনগুলো হওয়া উচিত।