কলকাতা: খড়গপুর স্টেশনে ১ কোটি ৪০ লক্ষ টাকা সহ এক যাত্রীকে গ্রেফতার করল GRP। টাকা গুনতে আনা হয় একটি মেশিন। ধৃত রাহুল সোনির থেকে পাওয়া গেছে ২টো ব্যাগ। বিপুল পরিমাণ টাকা কী কারণে, কোথায় নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি…? খতিয়ে দেখছে GRP।
প্ল্যাটফর্মে কড়কড়ে ৫০০ টাকার পাহাড়। কাড়ি কাড়ি নোটের বান্ডিল। টাকা গুনতে গুনতে যেন ক্লান্ত মেশিনও। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর স্টেশনে টাকার পাহাড় দেখে, চক্ষুচড়কগাছ যাত্রীদেরও। বাজেয়াপ্ত হল নগদ ১ কোটি ৪০ লক্ষ টাকা। বিপুল এই টাকা সহ খড়গপুর স্টেশনে এক ব্য়ক্তিকে পাকড়াও করল GRP। ধৃতের নাম রাহুল সোনি।
জিআরপি সূত্রে খবর, ট্রেন ধরার জন্য় ৭ নম্বর প্ল্যাটফর্মে বসেছিলেন ওই ব্যক্তি। জিআরপি-কে দেখতেই, পালানোর চেষ্টা করেন। যদিও সেই চেষ্টা সফল হয়নি। ২টি ব্যাগ পাওয়া যায় ধৃতের কাছে। ধৃতের ব্যাগ খুলতেই, টাকার পাহাড়। অভিযুক্ত বলেন, ‘আমি হাওড়া যাচ্ছিলাম। আমাকে ৬ জন ধরেছে। আমার কাছে ১.৫ কোটি টাকা আছে’।
কোথা থেকে এল এই ব্যক্তির কাছে এত টাকা? কোন উদ্দেশে, কোথায় নিয়ে যাচ্ছিল এত টাকা? খতিয়ে দেখছে খড়গপুর GRP।