ইন্দ্রনীল সেনের পরে এবার গ্রেফতার ধ্রুবজ্যোতি বসু । গ্রেফতার টালা প্রত্যয়ের প্রাক্তন পুজো-কর্তা ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভ ।
পুজোর পাসের নামে প্রতারণা, গ্রেফতার ইন্দ্রনীলের শাগরেদ ছিলেন তিনি, অভিযোগ এমনটাই।
বৃহস্পতিবর পোদ্দার কোর্টের কাছে গ্রেফতার করল কলকাতা পুলিশের SIT । ইন্দ্রনীলের পাস কেলেঙ্কারির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ধ্রুবজ্যোতি, দাবি পুলিশের । ইউনেস্কোর নাম-লোগো ব্যবহার করে কোটি কোটি টাকার প্রতারণায় যুক্ত ছিলেন তিনিও। মাস আর্টের সংস্থার মাধ্যমে প্রতারণা চলছিল রমরমিয়ে। আর এই মাস আর্টের সেক্রেটারি ছিলেন ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভ । ইন্দ্রনীল সেনের পরে এবার পুলিশের জালে তিনিও।
কীভাবে কাজ করত মাস আর্ট ?
ইউনেস্কোর নাম ভাঙিয়ে, দুর্গাপুজোকে সামনে রেখে, জালিয়াতির ব্যবসা ফেঁদে বসেছিলেন প্রাক্তন তথ্য় সংসকৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। প্রথমে কলকাতার ২৪টি পুজোকে বেছে নিত মাস আর্ট সংস্থা। যার মাথায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন। প্রিভিউ শো-তে অংশগ্রহণের নামে পুজো কমিটিগুলো থেকে অনলাইনে আবেদনপত্র নিত মাস আর্ট। তারপর দর্শকদের কাছে পাস বিক্রি করে প্রচুর টাকা তোলা হত। ওই সময় ‘মাস আর্ট’ নির্বাচিত ২৪টি পুজো মণ্ডপে সাধারণ দর্শককে ঢুকতে দেওয়া হত না। মণ্ডপের বাইরে কড়া পাহারায় থাকত ‘মাস আর্টে’র টিম। দর্শক এলে তাদের পাস স্ক্যান করে তবেই ঢুকতে দেওয়া হত মণ্ডপে। এভাবে দর্শকদের কাছে পাস বিক্রি করে প্রচুর টাকা তোলা হত। ৮ জুন বউবাজার থানায় অভিযোগ দায়ের করেন জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। পাশাপাশি ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগও সামনে এসেছে। পুলিশ সূত্রে দাবি, ১ কোটি ২৮ লক্ষ টাকা ঢুকেছে ইন্দ্রনীল সেন-এর অ্য়াকাউন্টে।
কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে ইতিমধ্য়েই গ্রেফতার হয়েছেন প্রাক্তন তথ্য় সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। তাঁর বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে । লালবাজারের তরফে তলব করা হয়েছে ইন্দ্রনীলের মেয়েকেও। তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন ইন্দ্রনীলের স্ত্রীও। লেনদেন-সংক্রান্ত প্রাপ্ত নথি থেকে তদন্তকারীদের অনুমান, ঘুরপথে ধৃত ইন্দ্রনীল সেনের আত্মীয়-স্বজনের বেশ কয়েকজনের বিভিন্ন অ্যাকাউন্টে বা কোম্পানির অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। টেন্ডার পাইয়ে দেওয়ার বিনিময়েই এই টাকা ঢুকেছে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।