কলকাতা: ফের শিরোনামে কসবার সাউথ ক্যালক্যাটা ল কলেজ। বৃহস্পতিবার পতাকা খোলা ঘিরে এবিভিপি ও এসএফআইএর মধ্যে উত্তেজনা তৈরি হয়। তারপর শুক্রবারও কলেজে মুখোমুখি দুই সংগঠনের সদস্য ও সমর্থকরা। এবিভিপির পতাকা খোলার অভিযোগ এসএফআইয়ের বিরুদ্ধে। এসএফআইয়ের পতাকা খোলার পাল্টা অভিযোগ আবার এবিভিপির বিরুদ্ধে।
আরও পড়ুন: মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
শুক্রবার এবিভিপি ও এসএফআইএর মধ্যে এই পতাকা লাগানো ও তা খুলে দেওয়া নিয়ে একটা বাক বিতণ্ডা সৃষ্টি হয়। তারপর অভিযোগ ওঠা ডিম ছোড়ার। কলেজ ক্যাম্পাসের ঠিক মাঝখানে পুলিশ ছিল। একদিকে বিক্ষোভে বসেন এসএফআই সদস্য ও সমর্থকরা। তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা। আর এখানেই অভিযোগ ওঠে ডিম ছোড়া হয়েছে এসএফআইয়ের উপর।
যেখানে এসএফআই সদস্য ও সমর্থকরা বিক্ষোভে বসেছিলেন, তাঁদের ঠিক পিছনের দিকের কংক্রিটের স্ল্যাবে জ্বলজ্বল করছিল ডিম ছোড়ার স্পষ্ট চিহ্ন। এই ঘটনার কিছুক্ষণ আগেই কলেজের ভাইস প্রিন্সিপাল একটি মিটিংও করেন। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় কোনও রকম পতাকা লকেজ ক্যামপাসে লাগানো যাবে না। যদিও তার পরও দেখা যাচ্ছে কলেজ ক্যাম্পাসের মধ্যে রয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পতাকা।
এবিভিপির সদস্য ও সমর্থকদের পাল্টা অভিযোগ, ওই নির্দেশের পর কলেজ ক্যাম্পাসে এসএফআইয়ের পতাকা লাগানো হয়েছিল। আর সেই কারণেই নাকি এই ঘটনা ঘটেছে, এমনই অভিযোগ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। আর এই অভিযোগ ও পাল্টা অভিযোগকে কেন্দ্র করেই সাউথ ক্যালক্যাটা ল কলেজে একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। সেখানে রয়েছে পুলিশ।
কলেজ ক্যাম্পাসের মধ্যে ঠিক গেটের দিকে রয়েছেন এবিভিপি সদস্য ও সমর্থকরা। উল্টো দিকে রয়েছেন এসএফআই সদস্য ও সমর্থক ছাত্রছাত্রীরা। এবিভিপির বিরুদ্ধে তাঁদের আরও অভিযোগ। এসএফআইয়ের অভিযোগ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে সব সদস্য ও সমর্থকরা এসেছেন তাঁদের মধ্যে অনেকই এই কলেজের ছাত্র নয়, তাঁরা বহিরাগত। গত বৃহস্পতিবার থেকে এই কলেজে ঝামেলার শুরু হয়। আর শুক্রবার সেই ঝামেলা আরও বৃদ্ধি পায় যখন পতাকা লাগানো ও সেই পতাকা খুলে নেওয়া নিয়ে একটা গোলমাল তৈরি হয়।