কলকাতা: আজ ষষ্ঠী। দেবীর বোধন। কিন্তু মাথায় এখন একটাই প্রশ্ন সকলের মনে। কিন্তু আবহাওয়ার মুড কেমন থাকবে? বৃহস্পতিবার পঞ্চমীতে ঝিরঝিরে বৃষ্টিতে ভিজেছে কলকাতা। পুজোর বাকি দিন গুলোও কি, এমনই মেজাজ থাকবে বরুণ দেবের? প্যান্ডেল হপিংয়ে কি সঙ্গী হবে ছাতা?
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, পুজোতে নিম্নচাপের সম্ভাবনা নেই। শুক্রবার ষষ্ঠীর দিন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে এক-দুটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১৫ অক্টোবর কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেদিন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ১৬ ও ১৭ অক্টোবর আকাশ আংশিক মেঘলা থেকে বিকেলের দিকে সাধারণত মেঘলা থাকতে পারে। এই দু’দিনও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১৮ থেকে ২০ অক্টোবর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার পূর্বাভাস রয়েছে। এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। ২১ ও ২২ অক্টোবর আকাশ মূলত পরিষ্কার থাকলেও বিকেলের দিকে আংশিক মেঘলা হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা।
রবিবার থেকে সেই সম্ভাবনা আর নেই। এর পাশাপাশি উত্তরবঙ্গে রবিবার অবধি কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বছরের এই কটা দিন চুটিয়ে আনন্দ করতে চায় বাঙালি। তাই সকলেরই আশা, তাতে যেন বাধ না সাধে বৃষ্টি! একটুও না।