কলকাতা: পায়ে পায়ে ১০ বছর পার করল, ‘হইচই’ (Hoichoi)। আর প্রত্যেক বছরের মতো, এবারেও গোটা বছরে দর্শকদের জন্য কী কী চমক ‘হইচই’ আনতে চলেছে, তার ঝলক প্রকাশ্যে আনল এই সংস্থা। শ্রীকান্ত মোহতা, বিষ্ণু মোহতা থেকে শুরু করে, মহেন্দ্র সোনি এবং সৌম্য মুখোপাধ্যায়ের উপস্থিতিতে, তারকাখচিত সন্ধ্যায় ঘোষণা হল ‘হইচই’-এর একগুচ্ছ নতুন সিনেমা ও সিরিজের। এবারের অন্যতম চমক ছিল, অ্যানিমেটেড সিরিজ। আর কী কী চমক ছিল, ‘হইচই’ -এর ১০ বছর পূর্তিতে?
দেবীপক্ষ: সুমন দাসের (Suman Das) পরিচালনায় এবং সাহানা দত্তের কলমে আসছে নতুন ওয়েব সিরিজ, ‘দেবীপক্ষ’। এই গল্প এক রাজবাড়ির, যেখানে বহু বছর থেকে হয়ে আসছে মা কালীর পুজো। কিন্তু সেই প্রতিমার সোনার জিভ, হঠাৎ চুরি হয়ে যায়। সেই সোনার জিভ চুরির অভিযোগ পড়ে, বাড়িরই এক সদস্যের ওপর! এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে, উষসী রায় (Ushasi Ray) এবং অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)-কে। শুধুই কি সোনার জিভ চুরি নাকি এই জমিদার বাড়িতে লুকিয়ে রয়েছে আরও বিভিন্ন সব রহস্য? সেই সমস্ত রহস্য উদঘাটন হবে এই সিরিজেই। ইতিমধ্যেই এই সিরিজ মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই সিরিজের অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকাতেও রয়েছেন, বিমল চক্রবর্তী, সুস্মিত মুখোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, নীলাঙ্কুর মুখোপাধ্যায়, রাইমা সেনগুপ্ত এবং অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা।
তানসেনের তানপুরা (মোহনবাঁশি): দীর্ঘদিন পরে, ‘হইচই’-তে ফিরছে, ‘তানসেনের তানপুরা’। সুরে সুরে রহস্য সমাধানের এই সিরিজের এবারের রহস্যের নাম, মোহনবাঁশি। এবারেও সিরিজের মুখ্যভূমিকায় থাকছেন, বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। সিরিজটির পরিচালনা করছেন, জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee)। আলাপ এবং শ্রুতি আবার ফিরবে এবার হইচই-এর পর্দায়। এর আগের ২টি সিরিজ যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল ওয়েব সিরিজ হিসেবে। আর এবার, নতুন রহস্য নিয়ে ফিরছে আলাপ আর শ্রুতি। রহস্যের পাশাপাশি, এই সিরিজে আগের মতোই থাকবে সুরের বাঁধন ও। পাশাপাশি, বিক্রম অরিন্দম শীলের ছবিতেও মুখ্যভূমিকায় অভিনয় করছেন।
আরও পড়ুন: Kaushik Ganguly: চূর্ণী আর অনির্বাণের লুকে চমক, ‘তারপর’? কৌশিকের নতুন ছবির প্রথম লুক প্রকাশ্যে