বর্ধমান, কমলকৃষ্ণ দে: রোগী সেজে টোটোয় চেপে ডায়গনস্টিক সেন্টারে গিয়ে হতবাক হয়ে যান বিশ্বজিৎ বসু। বর্ধমানে এক সঙ্গীকে সঙ্গে নিয়ে একটি ডায়গনস্টিক সেন্টারে যান স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন। পরীক্ষার জন্য সঙ্গীর রক্তও দেন প্যাথলজিক্যাল ল্যাবে। ১ ঘন্টার মধ্যে রিপোর্টও দিয়ে দেয় ডায়গনস্টিক সেন্টার। ভুলভাল ও মনগড়া রির্পোট দেখে হতবাক কমিশনের প্রতিনিধিরা। ডায়গনস্টিক সেন্টার বন্ধের পাশাপাশি FIR করার নির্দেশ দেয় কমিশনের। 

সর্ষের মধ্যেই ভূত আছে! সেই ভূত ধরতে অভিযানে নামেন প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু। আর অভিযানে গিয়েই হতবাক হয়ে যান বিচারপতি। ভূত ধরতে টোটোয় চেপে সোজা ডাক্তার পাড়ায় হাজির হন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। সঙ্গে এক সহযোগীকেও নিয়ে যান। উদ্দেশ্য, নিছক রোগী সেজে রক্ত পরীক্ষা করান। আর সেই ভান করতেই ফাঁস হল এক মারাত্মক চক্র। বর্ধমান শহরের খোসবাগান এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে নমুনা দিয়ে হাতে পেলেন আকাশপাতাল তফাত থাকা রক্ত পরীক্ষার রিপোর্ট। বুধবার ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের আকস্মিক অভিযানে সামনে এল এই চাঞ্চল্যকর অনিয়মের ছবি। 

কী ঘটেছিল খোসবাগানের ডায়াগনস্টিক সেন্টারে?

কয়েকদিন আগেই কলকাতার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্ত পরীক্ষা করিয়েছিলেন বিচারপতির ওই সহযোগী। বুধবার সকালে সেই পুরোনো রিপোর্টের ফোটোকপি সঙ্গে নিয়ে খোসবাগানের ওই সেন্টারে রক্ত দিতে যান তিনি। নিয়মমাফিক রক্ত নেওয়ার কিছুক্ষণের মধ্যেই হাতে চলে আসে রিপোর্ট। কিন্তু সেই রিপোর্ট দেখেই চোখ কপালে ওঠে তাঁর। কলকাতার রিপোর্টের সঙ্গে বর্ধমানের এই সেন্টারের রিপোর্টের আকাশপাতাল তফাত দেখে তিনি কর্মীদের চেপে ধরেন। এরপরই কর্মীদের জেরার মুখে বেরিয়ে আসে আসল সত্য। কর্মীরা স্বীকার করেন, এত সকালে সেন্টারে কোনো চিকিৎসক বা টেকনিশিয়ান উপস্থিত ছিলেন না। কোনো পরীক্ষা না করেই কেবল অনুমান বা আন্দাজ করে মনগড়া রিপোর্ট তৈরি করে রোগীর হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল।

মঙ্গলবারের মত বুধবার ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বিচারপতি বিশ্বজিৎ বসু বর্ধমানে একাধিক নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান। খোসবাগানের ওই ভুয়া রিপোর্টের বিষয়টি সামনে আসার পরেই ক্ষোভ প্রকাশ করেন তিনি।
পরিদর্শনে গিয়ে দেখা যায়, আবাসিক বসতবাড়ির মধ্যেই রমরমিয়ে চলছে ওই ডায়াগনস্টিক সেন্টার। নেই যথাযথ পরিকাঠামো, নেই প্রয়োজনীয় যন্ত্রপাতিও। এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে চেয়ারম্যান বলেন, পরীক্ষার রিপোর্টই যদি এমন ভুলভাল হয়, তবে সাধারণ মানুষ সঠিক চিকিৎসা পাবেন কী করে? স্বাস্থ্য পরিষেবা নিয়ে এমন ছিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। আপাতত খোসবাগানের দু’টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেন বিশ্বজিৎ বসু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *