সপ্তাহের প্রথম কাজের দিন, শহরে অ্যাকশনে ইডি। এবার নজরে তৃণমূলের রাজ্যসভার সাংসদ। ED স্ক্যানারে এখন তৃণমূলের রাজ্য়সভার সাংসদ নাদিমুল হক। তাঁর বাড়ি ও খবরের কাগজের অফিসে পৌঁছেছে ইডি। চলছে তল্লাশি।
সোমবার সকালেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের পার্কসার্কাস, দিল্লি মিলিয়ে বেশ কয়েকটি ঠিকানায় হাজির হন ইডি আধিকারিকরা। তাঁর বাড়ি-অফিস এবং তাঁর মেয়ের বাড়িতে চলে অভিযান। কলকাতায় পার্কসার্কাসের ১২ নম্বর দরগা রোডে তৃণমূলের রাজ্য়সভার সাংসদের বাড়ি ও খবরের কাগজের অফিসে জোরদার তল্লাশি চলছে বলে সূত্রের খবর।
পাশাপাশি, P২-৫৮ দরগা রোডে নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে পৌঁছে গেছে ED-র টিম। নাদিমুল হকের নামে দিল্লির ৬১ সাউথ অ্য়াভিনিউতে যে সরকারি আবাসন রয়েছে সেখানেও পৌঁছেছে ED ।
ED সূত্রে দাবি, অভিযোগ রয়েছে যে, সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক আর্থিক লেনদেন করা হয়েছে। খাতায় কলমে সেটি অফিসের লেনদেন হিসেবে দেখানো হলেও অফিসের বার্ষিক অডিট রিপোর্টে তার কোন উল্লেখ নেই। ED সূত্রে দাবি, নামে বেনামে একাধিক অ্যাকাউন্টের মাধ্য়মে আর্থিক লেনদেন হয়েছে। সেই সূত্র ধরেই এই অভিযান।