কলকাতা: পুজো আসছে, এই আমেজ যেন সব জায়গাতেই ছড়িয়ে। আর প্রত্যেকবারের মতো এই বছরেই অনেকেই অপেক্ষা করছেন এটা জানার জন্য যে, এই বছর টিভির পর্দায় কে হবে, মা দুর্গা? প্রত্যেক বছরই কোন নায়িকাকে পর্দায় দুর্গা হিসেবে দেখা যাবে, সেই অপেক্ষায় থাকেন অনেকেই। ইতিমধ্যেই একাধিক চ্যানেল জানিয়ে দিয়েছেন, তাঁদের চ্যানেলে মহালয়ার ভোরে কোন নায়িকাকে দেখা যাবে দুর্গা হিসেবে। আর এবার, সেই খবর প্রকাশ্যে আনল জি বাংলা (Zee Bangla)। তবে শুধু দুর্গার চরিত্রই নয়, এবার একাধিক চমক আনছে জি বাংলা।
দেবী দুর্গার ভূমিকায় থাকছেন কোন অভিনেত্রী?
এই বছর দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে, অঙ্কিতা মল্লিক (Ankita Mullick)-কে। জগদ্ধাত্রী ধারাবাহিকে অভিনয় করে, ঘরে ঘরে জনপ্রিয়তা পেয়েছেন অঙ্কিতা। ইতিমধ্যেই তিনি পা রেখেছেন বড়পর্দাতেও। মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে, মহুয়ার চরিত্রে দেখা যাবে তাঁকে। রানা সরকারের প্রযোজনায় তৈরি হচ্ছে এই সিনেমা। আর এবার জি বাংলায় দুর্গা হিসেবে ফের দেখা চলেছে তাঁকে। ইতিমধ্যেই অবশ্য অঙ্কিতাকে ধারাবাহিক চলাকালীন একবার দুর্গা হিসেবে দেখেছেন দর্শক।

ছোটপর্দায় ফিরছেন ইশা, কোন চরিত্রে?
তবে শুধু মহিষাসুরমর্দিনীর গল্প নয়, এবারে মহালয়ার সকালে তুলে ধরা হবে, অকাল বোধনের ইতিহাসও। যুদ্ধে জয়লাভ করার জন্য, শ্রীরামচন্দ্র আরাধনা করেছিলেন, দেবী দুর্গার। অকালবোধনের সেই পুরাণের কথাই এবার ফুটে উঠবে মহালয়ার ভোরে। রামের ভূমিকায় দেখা যাবে, অভিষেক বসু (Abhishek Bose)-কে। ইশা সাহা (Isha Saha) থাকছেন সীতার ভূমিকায়। ‘ঝাঁঝ লবঙ্গ ফুল’ ধারাবাহিক দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন ইশা। এরপরে তিনি পা রাখেন বড়পর্দায়। দীর্ঘদিন পরে ছোটপর্দায় ফিরছেন ইশা।

একাধিক চরিত্রে এবার দেবীর বেশে দেখা যাবে কোন কোন নায়িকাকে?
অন্যদিকে এবার, মহিষাসুরমর্দিনীর গল্পে, শিবের ভূমিকায় থাকছেন, রুবেল দাস (Rubel Das)। পার্বতীর ভূমিকায় থাকছেন, শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya), স্কন্দমাতার ভূমিকায় থাকছেন পল্লবী শর্মা (Pallavi Sharma), মহালক্ষ্মীর ভূমিকায় থাকছেন, তনিষ্কা তিওয়ারি (Taniksha Tiwari), ঈশানী চট্টোপাধ্যায় (Ishani Chatterjee) থাকছেন দেবী বিন্ধ্যবাসিনীর ভূমিকায়, দেবাদৃতা বসু (Debadrita Basu) থাকছেন দেবী শিবদ্যুতির ভূমিকায়, আরাত্রিকা মাইতি (Aratrika Maity) থাকছেন ভদ্রকালীর ভূমিকায়। আগামী ১০ অক্টোবর, ভোর ৫টার সময় জি বাংলায় সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। নাম, অশুভনাশিনী ত্রিনয়নী।
আরও পড়ুন: Ditipriya Roy: ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া! কোথায়, কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?