তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: ছোটপর্দায় ফিরছেন, অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘মনসামঙ্গল’-এর মুখ্যভূমিকায় দেখা যাবে তাঁকে। আজ প্রকাশ্যে এসেছে, ধারাবাহিকের প্রথম ঝলক। সেখানে ‘মনসা’-রূপে নজর কাড়ছেন দিতিপ্রিয়া। গোলাপি বেনারসি, খোলা চুলে পদ্ম সাজে, দিতিপ্রিয়া অপরূপা। ছোটপর্দা থেকেই তাঁর উত্থান, এরপরে জনপ্রিয়তা পেয়েছেন বড়পর্দাতেও। তবে দিতিপ্রিয়াকে ছোটপর্দার ধারাবাহিকে দেখার জন্য মুখিয়ে থাকেন তাঁর অনুরাগীরা। 

কেন বিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন দিতিপ্রিয়া?

কবে থেকে শুরু হবে এই ধারাবাহিকের সম্প্রচার? দিতিপ্রিয়া জানাচ্ছেন, পুজোর পরেই শুরু হয়ে যাবে শ্যুটিং। সম্প্রচারের দিন নিয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে দীর্ঘদিন পরে স্টার জলসার সঙ্গে কাজ করছেন অভিনেত্রী। শেষ ধারাবাহিকের পরে, কয়েকটা মাস বিরতি নিয়েছিলেন দিতিপ্রিয়া, এটা কী সচেতন সিদ্ধান্ত ছিল? অভিনেত্রী বলছেন, ‘ক্যামেরা আমার সবচেয়ে প্রিয় বন্ধু। ভীষণ উপভোগ করি ওই লাইটস, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়াটাকে। কিন্তু তার মধ্যেও মাঝে মাঝে বিরতি দরকার। কয়েক মাস ইচ্ছা করেই কাজ করিনি। ওই সময়টা নিজের সঙ্গে কাটিয়েছি। পড়াশোনা করেছি, ঘুরতে গিয়েছি। ওয়ার্কআউট করে বেশ কিছুটা ওজনও ঝরিয়েছি। এর মধ্যে মুম্বইয়ের কাজের অফারও ফিরিয়েছি।’

ফিরিয়ে দিয়েছেন মুম্বইতে কাজের অফার!

মায়ানগরীতে কাজ করা যে কোনও অভিনেত্রীরই স্বপ্ন, তাহলে কেন সেই অফার ফিরিয়েছিলেন অভিনেত্রী? হাসতে হাসতে দিতিপ্রিয়া বললেন, ‘আসলে আমি ভীষণ হোমসিক। পরিবারের সঙ্গে থাকতে, আমার পোষ্যের সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালবাসি। মুম্বইয়ের কাজটা নিলে, আমায় ওখানে শিফট করে যেতে হত। ততদিনে আমি দুটো সিরিজের কাজ করব এখানে, কথা দিয়ে দিয়েছি। আর মুম্বই গেলে, চট করে ওখান থেকে কাজ ছেড়ে বেরিয়ে আসা কঠিন। আমি আসলে কথা দিতে রাখার চেষ্টা করি। আর মনসামঙ্গলের কাজটা নিয়ে দীর্ঘদিন ধরে কথা চলছিল। এতে মাইথোলজি রয়েছে, পাশাপাশি লোকসন, লুক এমন অনেক জিনিসই মাথায় রাখতে হচ্ছিল। তাই দর্শকদের সামনে ঝলকটা নিয়ে আসতে কিছুটা সময় লেগে গেল।’

কবে থেকে ফের ছোটপর্দায় দিতিপ্রিয়া?

ফের ধারাবাহিকের মুখ্যচরিত্র, পাশাপাশি ওয়েব সিরিজের কাজও রয়েছে। দিতিপ্রিয়ার আবার পুরোদমে ব্য়স্ততা শুরু তাহলে? অভিনেত্রী বলছেন, ‘এই জীবনটা আমি ভীষণ উপভোগ করি। ধারাবাহিক চলাকালীন সিরিজের শ্যুটিংও রয়েছে। আশা করছি, সবটা ম্যানেজ হয়ে যাবে। এখনও পর্যন্ত ‘মনসামঙ্গল’-এর ঝলকটা নিয়ে খুব ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। আশা করছি, ধারাবাহিকটাও ভালবাসবেন মানুষ।’

 

 

 

আরও পড়ুন: Durga Puja 2026: ‘অষ্টমীতে তোমার পাড়ায়’-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *