সন্দীপ সরকার, কলকাতা: একদিকে বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে রাজ্যে নতুন করে ডেঙ্গি আতঙ্ক! অক্টোবরের প্রথম ২৪ দিনেই আক্রান্ত প্রায় ছয় হাজার ছুঁইছুঁই। ডেঙ্গি মোকাবিলা ও খামতি খতিয়ে দেখতে আজ স্বাস্থ্য ভবনে ডাকা হয়েছে জরুরি বৈঠক।

পুজোর আনন্দের মাঝে, দুশ্চিন্তা বাড়িয়েছে ডেঙ্গি। রাজ্যে চড়চড় করে বাড়ছে মশাবাহিত এই রোগে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি মাসে ১ থেকে ২৪ অক্টোবরের মধ্যে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৫১ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোথায় গাফিলতি বা খামতি ছিল, তা খতিয়ে দেখতে সোমবার স্বাস্থ্য ভবনে বসছে উচ্চপর্যায়ের বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন বিভিন্ন সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধিরা, একাধিক দফতরের সচিব, জেলাশাসক, জেলার মুখ্য় স্বাস্থ্য় আধিকারিক এবং কলকাতা-সহ সমস্ত পুরসভার কমিশনার ও আধিকারিকরা।

পুজোর মাসেই রাজ্য়ে বাড়ছে ডেঙ্গি আতঙ্ক

স্বাস্থ্য় দফতর সূত্রে খবর, চলতি বছর রাজ্য়ে মোট ডেঙ্গি আক্রান্ত হয়েছেন, ১২ হাজার ৮৮৯। ২৪ অক্টোবর পর্যন্ত মৃত্য়ু হয়েছে ১৫ জনের। এখনও চিকিৎসাধীন ২৯০ জন। ডেঙ্গিতে সবচেয়ে বেশি সংক্রমিত ৬ জেলা,  প্রথমেই রয়েছে মুর্শিদাবাদ,  কলকাতা,  উত্তর ২৪ পরগনা,  হাওড়া,  দক্ষিণ ২৪ পরগনা ও মালদা। কিন্তু পরিস্থিতি এতটা উদ্বেগের হল কেন? জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজলকৃষ্ণ বণিক বলছেন, ‘আশঙ্কা ছিল। কাজ করার একটা চেষ্টা ছিল কিন্তু চেষ্টার সঙ্গে আন্তরিকতার অভাব ছিল। স্বাস্থ্য়ের মতো বিশেষ করে জনস্বাস্থ্য়ের মতো বিষয়, আন্তরিকতার সঙ্গে সকলকে নিয়ে কাজ করার যে পরিকল্পনা থাকা উচিত, সেখানেই গলদ ছিল।’

আবহাওয়ার তারতম্য এবং জমা জলই মশার বংশবৃদ্ধির মূল কারণ। তাই চিকিৎসকদের পরামর্শ, সচেতন থাকতে হবে সবাইকে। শিশু রোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষ বলছেন, ‘ভয় তো সব সময়ই একটা করে কারণ ডেঙ্গু খুবই অনিশ্চিত। কাকে কী ভাবে ফেলে দেবে ডেঙ্গুটা সেটা কেউ বলতে পারে না। প্রথমবার ডেঙ্গু হলে ধরে নেওয়া যায় যে কিছু হবে না। দ্বিতীয়বার ডেঙ্গু কাকে কী ভাবে প্রভাব ফেলবে, কেউ জানে না কারণ ডেঙ্গু তো হাজার হলেও একটা রোগ প্রতিরোধ প্রতিক্রিয়া।’

এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন, ‘আবহাওয়া পরিবর্তন হবে, শীত পড়বে, এটা (ডেঙ্গু) কমেও যাবে। আমরা অনেকটা চেষ্টা করেছি। আমি সন্তুষ্ট নই কিন্তু গতবছরের তুলনায় এবারের সংখ্য়া মানে ডেঙ্গি আক্রান্ত এবং মৃত ২টোই অনেক কম। অনেক কম।’ স্বাস্থ্য ভবনের বৈঠকের পর, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার ও পুরসভাগুলো কী কী নতুন পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।

 

আরও পড়ুন: Bharat Kaul: ‘এই ২ মাসে অনেক খারাপ কথা শুনেছি..’, বিগ বসের বাড়ি থেকে ভরত কলের সফর শেষ হতেই মুখ খুললেন স্ত্রী জয়শ্রী

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *