ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা : গিরিশ পার্ক থানার বাইরে ফের উত্তেজনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে ফের উঠল ‘চোর’ স্লোগান। প্রায় ৪ ঘণ্টা পর গিরিশ পার্ক থানা থেকে বেরিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই থানার বাইরে বিজেপি ও কালীঘাট-তৃণমূল দু’পক্ষের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা ছড়ায়। একে অপরকে লক্ষ্য করে স্লোগান-পাল্টা স্লোগান দিতে থাকে, বিক্ষোভ দেখায়, উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তাদের সেখান থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশকে হুমকির অভিযোগে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল পুলিশ। সেইমতো থানায় হাজির হন ডায়মন্ডহারবারের সাংসদ।

এদিন বেলা সাড়ে ১২টার কিছু পরে গিরিশ পার্ক থানায় এসে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যখন গাড়ি নিয়ে আসেন, সেইসময় তাঁর গাড়ি ঘিরে কালীঘাট-তৃণমূলের বিভিন্ন এলাকার নেতৃত্ব স্লোগান দিচ্ছিলেন। এরপর সাংসদ থানার ভিতরে ঢুকে যান। একইসময়ে আসেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁরা এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের বক্তব্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন কালীঘাট-তৃণমূলের সমর্থকরা। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কীভাবে তাঁরা এই মন্তব্য করতে পারেন, এই অভিযোগ তুলে এলাকার বিজেপি সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। গোটা এলাকায় কালীঘাট-তৃণমূলের কেউ রয়েছেন কি না তা দেখতে কার্যত চিরুনি তল্লাশি শুরু করেন। যেখানে যেখানে পান সেখানে সেখানে তাঁকে বা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান। যেখানে মহিলা সমর্থককে পান, সেখানে মহিলা বিজেপি সমর্থকরা বিক্ষোভ দেখাতে যান। যাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় বেলার দিকে। কার্যত ধাওয়া করে এলাকাছাড়া করতে দেখা যায় কাউকে কাউকে।

এই ঘটনা নিয়ে তখন এক বিক্ষোভকারী বলেন, “চোরগুলো আবার অভিষেকের দালালি করতে এসেছিল। সাধারণ জনগণ নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। কালীঘাট-পন্থী, অভিষেক-তৃণমূলের যারা এসেছিলেন, যারা ভেবেছিলেন ওখানে আবার পুলিশকে ধমকাবেন-চমকাবেন, সাধারণ মানুষ ওখানে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়েছেন…এই সরকারটা সাধারণ মানুষের সরকার। সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করে এই সরকার এনেছেন। তাই কোনও দাদা-দিদি-পিসি-ভাইপোর দালালি-গুন্ডামি আর চলবে না।” এক মহিলা বিক্ষোভকারী বলেছিলেন, “এখানে যতগুলো দালাল এসেছেন, সব শুভেন্দু অধিকারীকে গালাগালি করতে এসেছেন। আমাদের CM-কে গালাগালি করবে কেন ? আমাদের মুখ্যমন্ত্রীকে গালাগালি করা চলবে না এখানে, আমরা কাউকে ছেড়ে কথা বলব না।” Abhishek Banerjee News



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *