ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : পুলিশকে হুমকির অভিযোগে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে পুলিশ। গিরিশ পার্ক থানায় হাজির হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবারের সাংসদের হাজিরার সময় থানার বাইরে ব্যাপক উত্তেজনা ছড়াল। মমতা তৃণমূলের কংগ্রেস সমর্থকদের ধাক্কা দিয়ে এলাকা-ছাড়া করা হয়। সঙ্গে ওঠে ‘চোর’ স্লোগান। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়।

বিস্তারিত…

অভিষেক বন্দ্যোপাধ্যায় থানায় আসার পর কালীঘাট তৃণমূলের অনেক সমর্থকও চলে আসেন। তাঁরা স্লোগান দিতে শুরু করেন। এরপর দেখা যায়, উত্তর কলকাতার শ্যামপুকুর এলাকার বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ কালীঘাট তৃণমূলের সমর্থকদের কার্যত ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করে দিচ্ছেন। এনিয়ে স্কটিশ চার্চ কলেজের সামনে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এক মহিলাকে ডিম ছোড়া হয়। জনা ২০-২৫ কালীঘাট তৃণমূলের সমর্থক এসেছিলেন। বিজেপি কর্মী-সমর্থকরা কার্যত তাঁদের ঘিরে ধরেন। এক মহিলাকে ‘চোর’ বলে তাড়া করতে দেখা যায় অনেককে। গাড়ি নিয়ে কোনওভাবে পালিয়ে যান ওই মহিলা। তাঁর বিরুদ্ধে ওঠে চোর স্লোগানও।

এই ঘটনা নিয়ে এক বিক্ষোভকারী বলেন, “চোরগুলো আবার অভিষেকের দালালি করতে এসেছিল। সাধারণ জনগণ নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। কালীঘাট-পন্থী, অভিষেক-তৃণমূলের যারা এসেছিলেন, যারা ভেবেছিলেন ওখানে আবার পুলিশকে ধমকাবেন-চমকাবেন, সাধারণ মানুষ ওখানে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়েছেন…এই সরকারটা সাধারণ মানুষের সরকার। সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করে এই সরকার এনেছেন। তাই কোনও দাদা-দিদি-পিসি-ভাইপোর দালালি-গুন্ডামি আর চলবে না।” 

এক মহিলা বিক্ষোভকারী বলেন, “এখানে যতগুলো দালাল এসেছেন, সব শুভেন্দু অধিকারীকে গালাগালি করতে এসেছেন। আমাদের CM-কে গালাগালি করবে কেন ? আমাদের মুখ্যমন্ত্রীকে গালাগালি করা চলবে না এখানে, আমরা কাউকে ছেড়ে কথা বলব না।”

অপর এক মহিলা বিক্ষোভকারী বলেন, “এত দুর্নীতি-এত কিছু করে ওরা শান্তি পায়নি ? জনতার টাকা লুঠ করে শান্তি পায়নি ? ওদের অত্যাচারে বাধ্য হয়ে আমরা মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে এনেছি। মুখ্যমন্ত্রীকে এখানে গালি দিতে এসেছেন ? আমরা গালাগালি শুনব না।”

কী কারণে উত্তেজনা ?

সাড়ে ১২টার কিছু পরে গিরিশ পার্ক থানায় এসে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যখন গাড়ি নিয়ে আসেন, সেইসময় তাঁর গাড়ি ঘিরে কালীঘাট-তৃণমূলের বিভিন্ন এলাকার নেতৃত্ব স্লোগান দিচ্ছিলেন। এরপর সাংসদ থানার ভিতরে ঢুকে যান। একইসময়ে আসেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁরা এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের বক্তব্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন কালীঘাট-তৃণমূলের সমর্থকরা। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কীভাবে তাঁরা এই মন্তব্য করতে পারেন, এই অভিযোগ তুলে এলাকার বিজেপি সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। গোটা এলাকায় কালীঘাট-তৃণমূলের কেউ রয়েছেন কি না তা দেখতে কার্যত চিরুনি তল্লাশি শুরু করেন। যেখানে যেখানে পান সেখানে সেখানে তাঁকে বা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান। যেখানে মহিলা সমর্থককে পান, সেখানে মহিলা বিজেপি সমর্থকরা বিক্ষোভ দেখাতে যান। যাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। কার্যত ধাওয়া করে এলাকাছাড়া করতে দেখা যায় কাউকে কাউকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *