মুন্না আগরওয়াল, বালুরঘাট : রাসের আগেই সুখবর। বালুরঘাট থেকে মায়াপুর যাতায়াতের ক্ষেত্রে বড়সড় স্বস্তি। দীর্ঘদিনের দাবি মেনে এবার বালুরঘাট NBSTC ডিপো থেকে সরাসরি মায়াপুর পর্যন্ত বাস পরিষেবা চালু করল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (NBSTC)। নতুন এই পরিষেবার ফলে কম খরচে ও সহজে মায়াপুর পৌঁছতে পারবেন জেলার বাসিন্দা এবং তীর্থযাত্রীরা। বাস পরিষেবার উদ্বোধন করেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়।

কখন ছাড়বে বাস  ? 

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিটে বালুরঘাট থেকে বাসটি ছাড়বে। ২১টি স্টপেজ অতিক্রম করে বিকেল ৫টার মধ্যে পৌঁছবে মায়াপুরে। পরদিন সকাল ৭টায় সেখান থেকে বাসটি বালুরঘাটের উদ্দেশে রওনা দেবে। এই রুটে যাত্রীপিছু ভাড়া ধার্য করা হয়েছে ২৬৫ টাকা।

 মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত                 

তবে এই পরিষেবার অন্যতম আকর্ষণ মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুযোগ। বিধায়ক জানান, অরিজিনাল আধার কার্ড দেখিয়ে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে এই বাসে যাতায়াত করতে পারবেন। ফলে মহিলা তীর্থযাত্রীদের কাছে এই পরিষেবা বিশেষভাবে উপযোগী হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

নতুন করে এক হাজার বাস কিনবে রাজ্য 

উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের পরিবহণ ব্যবস্থার উন্নয়নের প্রসঙ্গও তুলে ধরেন বিধায়ক বিদ্যুৎ কুমার রায়। তিনি জানান, রাজ্য সরকার নতুন করে এক হাজার বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই ৪৩৫টি নতুন বাস এসেছে। পাশাপাশি পরিবেশ দূষণ কমাতে সিএনজি বাস চালুর উপরেও জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন রুটে নতুন বাস নামিয়ে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

বালুরঘাট থেকে মায়াপুর সরাসরি বাস চালু হওয়ায় দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা অনেকটাই মিটবে বলে আশাবাদী জেলার বাসিন্দারা। বিশেষ করে মাত্র ২৬৫ টাকা ভাড়ায় সরাসরি মায়াপুর পৌঁছনোর সুযোগ এবং মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা নতুন এই পরিষেবাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।   

নতুন এই বাস পরিষেবা চালু করার দাবি ছিল অনেকদিনের। এর জন্য শুধু তীর্থযাত্রীদেরই সুবিধা হবে না, উপকৃত হবেন দক্ষিণ দিনাজপুরের সাধারণ যাত্রীরাও। এতদিন মায়াপুর যেতে হলে একাধিক যানবাহন বদল করতে হত, ফলে সময় ও খরচ দুটোই বেশি লাগত। বিশেষ করে প্রবীণ মানুষ, মহিলা এবং পরিবারের ছোটদের নিয়ে যাঁরা মায়াপুরে যেতে চান, তাঁদের কাছে সরাসরি বাস পরিষেবা অনেকটাই সুবিধাজনক হবে। রাস উৎসবের সময় মায়াপুরে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় বাড়ে। সেই কথা মাথায় রেখে এই পরিষেবা চালু হওয়ায় জেলার বাসিন্দাদের কাছে যাতায়াত আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *