
সদ্য মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘মাঙ্গলিক’ (Mangoli)। আর সেখানেই মুখ্যভূমিকায় দেখা গিয়েছে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)-কে। এই সিরিজে তাঁর চরিত্রের নাম ইরা।

গল্পে ইরা এমনই একটি মেয়ে, যে নিজের মনের কথা বলার আগে ২ বার ভাবেন না। কাউকে ভাল লাগলে সেটা সেই মুহূর্তে বলে দেওয়াতেই বিশ্বাসী ইরা। এমনকি বিয়ের কথাও!

গল্পে এইভাবেই নায়ক সিদ্ধার্থকে বিয়ের জন্য রাজি করিয়েছিল ইরা। আর সিদ্ধার্থের সঙ্গে বিয়ের পরেই এই গল্প বাঁক নেয় অন্যদিকে। ইরার জীবন সংশয় পর্যন্ত ঘটে।

তবে ব্যক্তিগত জীবনেও নাকি ইরার চরিত্রের সঙ্গে বিস্তর মিল রয়েছে সৌমিতৃষার! তাঁর কথায়, ভালবাসলে তিনি নাকি সেই কথা বলার আগে ভাববেন ও না!

এবিপি লাইভ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে সৌমিতৃষা বলছেন, ‘যদি একবার কাউকে ভালবেসে ফেলি, তার জন্য সব করতে পারি। তখন ভাবব না যে, আমি মহিলা তাই আমি প্রপোজ করব না।’

সৌমিতৃষা আরও বলেন, ইরার চরিত্রের মতোই তিনি প্রিয় মানুষের জন্য রাস্তায় বৃষ্টিতে ভিজতে পারেন, বলতে পারেন, এখনই বিয়ে করতে হবে।’

সৌমিতৃষা আরও বলেন, ইরার মতো তিনিও ভালবাসার মানুষের অতীত নিয়ে ভাবিত নন। যদি তিনি কাউকে ভালবেসে ফেলেন, তাহলে তাঁকে পেতে সবকিছু করতেই রাজি তিনি।

তবে পাশাপাশি সৌমিতৃষা আরও জানান, এই মুহূর্তে তাঁর জীবনে এমন কেউ নেই, যাঁর জন্য তিনি ভালবেসে পাগলামি করতে পারেন। তবে জীবনে সঠিক মানুষ পেলে যে তিনি নিজেকে ভালবাসায় উজাড় করে দেবেন, সেই কথাও প্রকাশ করলেন অবলীলায়।

সৌমিতৃষা আরও বলেন, ইরা আবেগপ্রবণ হলেও কঠিন সময়ে ভালবাসার মানুষের পাশে থাকতে জানে। প্রয়োজনে কঠিন হতেও জানে। ইরার চরিত্রের সঙ্গে এই বিষয়গুলিতেও নিজের মিল পেয়েছেন সৌমিতৃষা।

এই সিরিজে প্রথমবার গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন সৌমিতৃষা। তিনি জানিয়েছেন, তাঁরা একসঙ্গে খুব ভাল তালমিল নিয়েই কাজ করেছেন।
Published at : 22 Nov 2026 02:21 PM (IST)