কলকাতা: ফের পর্দায় জুটি বাঁধছেন বিক্রম চট্টোপাধ্যায় (Bikram Chatterjee) ও শোলাঙ্কি রায় (Solanki Roy)। আসছে নতুন ছবি, ‘রাজকন্যা’ আর সেখানেই দেখা যাবে জনপ্রিয় এই জুটিকে। পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় একটি আদ্যোপান্ত প্রেমের গল্প নিয়ে আসছেন তাঁরা। প্রযোজনায় রয়েছে বিক্রম চট্টোপাধ্যায়ের সংস্থা ‘বিক্রম চ্যাটার্জি ফিল্মস’ ও প্রযোজক অভিনব ঘোষ এর প্রযোজনা সংস্থা ‘ড্রিমস অন সেল’। এর আগে ‘শহরের উষ্ণতম দিনে’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। সেই সিনেমা যথেষ্ট প্রশংসিত হয়েছিল। আর ফের একবার প্রেমের গল্পে দেখা যাবে এই জুটিকে।
সিনেমার এই গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে দিব্য এবং সোমদত্তা। দিব্যর চরিত্রে দেখা যাবে, বিক্রম চট্টোপাধ্যায়কে এবং সোমদত্তার চরিত্রে থাকছেন শোলাঙ্কি রায়। তাঁদের সম্পর্ক শুরু হয় স্কুলজীবন থেকেই। আর এরপরে তাঁদের সেই প্রেম বজায় থাকে কলেজ জীবনেও। তবে এরপরে সেই প্রেম কোনদিকে মোড় নেয় সেটাই দেখার। ধীরে ধীরে তারা ২ জনেই পা রাখে কর্মজীবনে। ৩০-এর কোঠায় পৌঁছে তাদের সেই সম্পর্ক পরিণতি পায় কি না.. সেটাই বলা হবে ছবির গল্প জুড়ে। তিনটি ভিন্ন সময়কালকে পর্দায় তুলে ধরার মাধ্যমে প্রেম, সম্পর্ক ও জীবনের পরিবর্তনকে নতুনভাবে উপস্থাপন করতে চাইছেন নির্মাতারা।
ছবি নিয়ে কী বলছেন নায়ক নায়িকা?
ছবিটি নিয়ে বিক্রম চট্টোপাধ্যায় জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এই গল্পটি নিয়ে কাজ করার পরিকল্পনা ছিল তাঁর। তবে তিনি চেয়েছিলেন, শোলাঙ্কিকে সঙ্গে নিয়েই ছবিটি তৈরি করতে। শোলাঙ্কির অন্যান্য কাজের ব্যস্ততার কারণে ছবিটি বাস্তবায়িত হতে সময় লেগেছে প্রায় সাড়ে তিন বছর। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। প্রেমের জুটি হিসেবে দর্শকের কাছ থেকে বরাবরই ভালোবাসা পেয়েছেন তাঁরা। সেই ভালোবাসাকে সঙ্গী করেই আবারও প্রেমের গল্প নিয়ে ফিরছেন বিক্রম। ছবিতে বিক্রমকে একাধিক লুকে দেখা যাবে। বিভিন্ন সময়কালে বিভিন্ন লুকে দেখা যাবে তাঁকে। চরিত্রের বয়স ও সময়ের পরিবর্তনের সঙ্গে তাঁর অভিনয় এবং লুকেও থাকবে উল্লেখযোগ্য পরিবর্তন। নিজের ভালোবাসাকে পাওয়ার আকাঙ্ক্ষা, মনের মধ্যে চলতে থাকা দ্বন্দ্ব এবং সম্পর্কের টানাপোড়েন – সব মিলিয়ে চরিত্রটি দর্শকের সামনে একাধিক দিক উন্মোচন করবে।অন্যদিকে, ছবিটি নিয়ে শোলাঙ্কি রায়ের বক্তব্য, নব্বইয়ের দশকের মিষ্টি প্রেমের ছবি দেখতে দেখতেই তাঁদের বড় হয়ে ওঠা। তাই এমন একটি গল্পের প্রস্তাব তাঁর ভাল লেগেছিল। পাশাপাশি ছবির পরিচালক, প্রযোজক ও সহ-অভিনেতার সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাজের অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তুলবে বলেই তিনি আশাবাদী।
আরও পড়ুন: Sadhak Bamakhyapa: শহর থেকে অনেক দূরে হচ্ছে ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রিমিয়ার, ২৫ বছর পরে আবার..