কলকাতা: এই ছবির প্রচার শুরু থেকেই শুরু হয়েছিল একেবারে অন্যভাবে। তারাপীঠ শ্মশানে ছবির ট্রেলার লঞ্চ থেকে শুরু করে ছবির প্রিমিয়ার বীরভূমে! প্রযোজনা সংস্থা SVF-এর তরফ থেকে নেওয়া হয়েছে এই বিশেষ উদ্যোগ। ২০ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই সিনেমা। সাধারণত সিনেমার প্রিমিয়ার হয়, শহরের কোনও একটি ঝাঁ চকচকে মলের প্রেক্ষাগৃহে। কিন্তু বীরভূম বামদেবের জন্মস্থান। আর সেই কথা মাথায় রেখেই ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটির প্রিমিয়ার হবে বীরভূমের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে।
বীরভূমে হবে ছবির প্রিমিয়ার
গীতাঞ্জলি বীরভূমের বেশ পুরনো একটি প্রেক্ষাগৃহ। শান্তিনিকেতন চত্বরের একমাত্র প্রেক্ষাগৃহ। শহরতলির এই প্রেক্ষাগৃহে কী সিনেমা আসছে, সেইদিকেই চেয়ে থাকেন এই অঞ্চলের বহু মানুষ। পাশাপাশি, ছাত্রছাত্রীদের ভিড়ও লেগেই থাকে এই প্রেক্ষাগৃহে। যেহেতু বিশ্বভারতীতে বহু ছাত্রছাত্রী পড়াশোনা করতে আসেন, বড়পর্দায় সিনেমা দেখার জন্য তাঁদের ভরসা করতে হয় এই বোলপুরের গীতাঞ্জলির ওপরেই। বাজার এলাকায় অবস্থিত এই প্রেক্ষাগৃহেই এবার হবে ‘সাধক বামাক্ষ্যাপা’ -র প্রিমিয়ার। ২০ নভেম্বর সিনেমাটি বড়পর্দায় মুক্তি পাবে। আর ঠিক তার আগের দিন অর্থাৎ ১৯ নভেম্বর বোলপুরের গীতাঞ্জলিতে এই সিনেমার প্রিমিয়ার হবে।
এর আগে, ২০০১ সালে ই প্রেক্ষাগৃহেই প্রিমিয়ার হয়েছিল জিৎ (Jeet) অভিনীত ‘সাথী’ সিনেমাটির। তারপরে কেটে গিয়েছে ২৫ বছর। আর কোনও সিনেমার প্রিমিয়ার হয়নি এই প্রেক্ষাগৃহে। এত বছর পরে, ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটির প্রিমিয়ার হবে বোলপুরের গীতাঞ্জলিতে। বামদেবের জন্মস্থান এই বীরভূমেই। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। সায়ন্তন ঘোষাল পরিচালিত এই সিনেমার নামভূমিকায় অভিনয় করছেন, সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। মা তারার চরিত্রে দেখা যাবে পায়েল দে (Payel De)-কে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee)। এই ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন, ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dasgupta)। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সৌমিক হালদার। ছবিটি প্রযোজনা করছে, SVF।
ছবিটি প্রথমে কালীপুজোর সময়ে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ঠিক সেই সময়েই মুক্তি পায় ‘রামায়ণ’। হল পাওয়া এবং ব্যবসার হিসেব নিকেশ করেই ছবিটির মুক্তি পিছিয়ে দেয় প্রযোজনা সংস্থা। এরপরে সিদ্ধান্ত নেওয়া হয় জগদ্ধাত্রী পুজোর সময়ে মুক্তি পাবে এই ছবিটি। সিনেমার ট্রেলার ইতিমধ্যেই যথেষ্ট প্রশংসিত হয়েছে। অনেকে এই ছবিকে তুলনা করছেন ‘কান্তারা’-র সঙ্গে। প্রেক্ষাগৃহে ছবিটি কেমন ব্যবসা করে, এখন সেটাই দেখার।