কলকাতা: বিজেপি সরকারের ৬ মাসের মধ্যেই ৫ বার এনকাউন্টারের সাক্ষী থাকল রাজ্য। বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ, রায়গঞ্জের পর এবার বীরভূম। নানুরে এনকাউন্টারে মৃত্যু হল পুলিশকে গুলিকাণ্ডে মূল অভিযুক্ত রতন শেখের। সবক্ষেত্রেই পুলিশের তরফে দাবি করা হয়েছে, অভিযুক্ত প্রথমে গুলি চালানোয় পাল্টা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে তাঁরা।
৬ মাসে ৫ বার এনকাউন্টার। উত্তর থেকে দক্ষিণ, একের পর এক মৃত্য়ু। কারও বিরুদ্ধে ধর্ষণ আবার কারও বিরুদ্ধে পুলিশকে গুলি করার অভিযোগ। শেষ পরিণতি এনকাউন্টার। কিন্তু সব ক্ষেত্রেই পুলিশ যে দাবি করছে তা নিয়ে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। গল্প, না সত্য়ি ঘটনা? এনকাউন্টার না ভুয়ো এনকাউন্টার? আর এটা নিয়ে এই মুহূর্তে শাসক-বিরোধী তরজা একেবারে তুঙ্গে। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ‘পুলিশের দিকে গুলি চালালে, পুলিশ তো আর রসগোল্লা ছুড়বে না। গুলি ছুড়বে।’ এনকাউন্টারের বিরোধিতা করে পাল্টা সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘যদি এরকম হয়, যে বিচারের দায়িত্বটা প্রশাসন নিয়ে নিল, তাহলে বিচারব্য়বস্থার কোনও মূল্য় থাকে না।’ সিপিএম নেতা আরও বলেন যে, ”এখানে পরপর যে ঘটনাগুলি ঘটল একই গল্প। মানুষ কি এত বোকা, এ সাজানো ঘটনা…এত অযোগ্য় এবং এত দুর্বল পুলিশ, যে ৫-৬জন পুলিশের থেকে রিভলভারটা ছিনতাই করে নিয়ে চলে যেতে পারে একজন দুষ্কৃতী।”
নতুন সরকারের শপথের ২ মাসের মধ্যে গত ৭ জুলাই বারুইপুরে এনকাউন্টারে মৃত্য়ু হয় নাবালিকার ধর্ষণ-খুনে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশ সূত্রে দাবি করা হয়, পুনর্নির্মাণের সময় পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনতাই করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করলে প্রভাসকে এনকাউন্টার করা হয়। এই ঘটনার সাড়ে ৩ মাসের মাথায় ২৭ অক্টোবর, গাইঘাটায় ধর্ষণ-খুনে অভিযুক্ত প্রহ্লাদ দাসের মৃত্য়ু হয় এনকাউন্টারে। পুলিশের তরফে দাবি করা হয়, ধৃত প্রহ্লাদ দাসকে গাড়ি থেকে নামানোর পর সাব ইনস্পেক্টরের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে ৩ রাউন্ড গুলি চালায় সে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা ৪ রাউন্ড গুলি চালায়। একই দিনে সামশেরগঞ্জে এনকাউন্টারে মৃত্যু হয় বিজেপি কর্মীকে খুনে অভিযুক্ত সামাউল হকের। পুলিশ দাবি করে, পুনর্নির্মাণের প্রক্রিয়া চলাকালীন মুর্শিদাবাদের ডেপুটি পুলিশ সুপারের থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে গুলি চালায় অভিযুক্ত। সেই সময় পুলিশের পাল্টা গুলিতে অভিযুক্তের মৃত্য়ু হয়। এরপর, গত ৮ নভেম্বর, একই পরিণতি হয় রায়গঞ্জে নাবালিকার পচাগলা বিবস্ত্র দেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দিলীপ রায়ের। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্তকে ধরতে গেলে পালানোর সময় গুলি চালায় সে। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ। আর এবার এনকাউন্টারে মৃত্য়ু হল শান্তিনিকেতনে কনস্টেবলকে গুলি করে পালানোর ঘটনায় অভিযুক্ত রতন শেখের। এক্ষেত্রেও পুলিশের দাবি অভিযুক্ত প্রথমে গুলি চালানোয় পাল্টা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে পুলিশ।
আরও পড়ুন – ‘পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না’, মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
বীরভুমের পুলিশ সুপার বিদিতরাজ ভুন্দেশ জানান, ”ঝোপ থেকে লুকোনো আগ্নেয়াস্ত্র বের করে আচমকা পুলিশের টিমের দিকে তাক করে গুলি চালায়। গুলি চালানোর পরে গুলিটা পুলিশের যে গাড়িতে করে টিম গেছিল সেই গাড়িতে লাগে। সেই সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। আর এতেই মৃত্যু হয় রতন শেখের।
পুলিশের এনকাউন্টারের প্রসঙ্গ টেনে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ”পুলিশকে গুলি করবেন না, ফল খুব খারাপ হবে। আইন হাতে তুলে নেবেন না। ছোট ছোট বাচ্চাদের ওপরে শারীরিক নির্যাতন, খুন এসব করবেন না, খুব খারাপ হবে। যদি কিছু গুন্ডা, ধর্ষণকারী এখনও পশ্চিমবঙ্গের এদিকে-ওদিকে থাকেন, খুব ক্লিয়ার মেসেজ আমার। তাড়াতাড়ি ভাগুন পশ্চিমবঙ্গ থেকে, আপনাদের একটাকেও ছাড়া হবে না।”