কলকাতা: দীপাবলিতে খারাপ খবর টলিউডে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর শেয়ার করে নিয়েছেন তিনি। হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন রণজয়, তাঁর নাকে অক্সিজেন। হাতে লাগানো বিভিন্ন মনিটর। এর আগে রণজয় জানিয়েছিলেন, তাঁর শরীর খারাপ। অসুস্থতা নিয়েই তিনি ধারাবাহিকের শ্যুটিং চালিয়ে যাচ্ছিলেন। রণজয় জানিয়েছিলেন, তিনি তাঁর ১০০ শতাংশ দিয়ে কাজ করতে পারছেন না। সেই কারণে দর্শক যেন তাঁকে ক্ষমা করেন। আর দীপাবলির দিনই হাসপাতালে ভর্তি হতে হল, রণজয়কে।
হাসপাতালে ভর্তি রণজয় বিষ্ণু
সোশ্যাল মিডিয়ায় রণজয় একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তাঁর পরণে হাসপাতালের পোশাক। তাঁর হাতে লাগানো একাধিক মনিটর। মাথায় জলপট্টি, নাকে অক্সিজেনের নল। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে রণজয় লিখেছেন, ‘সবাইকে শুভ দীপাবলি। এই বছরের দীপাবলিটা একেবারে অন্যরকম। সবাই আনন্দ করুন, সুস্থ আর সুন্দরভাবে দীপাবলি কাটান। আমি আপাতত হাসপাতালে আছি, তাই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করাটা হয়তো সম্ভব হচ্ছে না। জানি না, কবে ছাড়া পাব হাসপাতাল থেকে। আমার কাজ সংক্রান্ত যে কোনও বিষয়ে, আমার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ সমবেদনার জন্য, আমার পরিস্থিতি বোঝার জন্য। সবাই সাবধানে থাকুন, ভালো দীপাবলি কাটান।’
কী হয়েছে রণজয় বিষ্ণুর?
কিন্তু ঠিক কী হয়েছে রণজয়ের? কেন হাসপাতালে ভর্তি তিনি? তাঁর টিমের তরফ থেকে জানা গেল, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছেন অভিনেতা। সেই নিয়েই তিনি শ্যুটিং চালাচ্ছিলেন। তবে সেই জ্বর কিছুতেই কমছে না তাঁর। আর সেই কারণেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। ওষুধ খেয়ে খেয়েই শ্যুটিং করছিলেন রণজয়, তবে শেষ ৩ দিন শ্যুটিংয়েও যেতে পারেননি তিনি। চিকিৎসকের কাছে গেলে, তিনি রণজয়কে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। আর সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এর আগে রণজয় জানিয়েছিলেন, তাঁর কাশি রয়েছে, শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যাও রয়েছে। তবে অভিনেতার ঠিক কী হয়েছে, তা এখনও পর্যন্ত সঠিকভাবে ধরতে পারেননি চিকিৎসকেরা। তাঁর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে এবং চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি।