কলকাতা: টাইগার শ্রফের (Tiger Shroff) গাড়ি লক্ষ্য করে গুলি চলার ঘটনায় নয়া আপডেট। বলিউড অভিনেতার ওপর গুলির চলার ঘটনায় আটক করা হল ৩ সার্প শ্যুটারকে। রাজস্থানের কোটা রেলওয়ে স্টেশন থেকে এই ৩ সার্প শ্যুটারকে আটক করা হয়েছে। এদের মধ্যে, ২ জন হরিয়ানার এবং একজন বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। আরও তথ্য যে, ৩ জনেই লরেন্স বিষ্ণোই গ্যাং-এর সঙ্গে যুক্ত। একসঙ্গে ট্রেনে সফর করছিলেন এই ৩ অভিযুক্ত, সেই সময়েই তাঁরা আটক হন। পুলিশের সন্দেহ, ২ ব্যক্তিকে টাইগার শ্রফের ওপর হামলা চালানোর জন্য ভাড়া করা হয়েছিল। আর তৃতীয় ব্যক্তি এই ঘটনা ঘটাতে সাহায্য করেছিল এই ৩ জনকে।
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় আটক ৩
টাইগার শ্রফের ওপর গুলি চালনার ঘটনায় যে ৩ জনকে আটক করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে একট ১৭ বছরের কিশোর। হরিয়ানার সোনিপতের বাসিন্দা সে। এছাড়া বাকি ২জন বেগুসরাইয়ের বাসিন্দা ২২ বছর বয়সি হৃতিক কুমার ওরফে রোশন এবং হরিয়ানার সোনিপতের ১৮ বছর বয়সি রেহান। রোশন মুম্বইয়ের অন্ধেরিতে একজন র্যাপিডো চালক হিসেবে কাজ করেন। মুম্বই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজস্থানের অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স (এজিটিএফ) এবং কোটা সিটি পুলিশের যৌথ উদ্যোগে অভিযুক্তদের আটক করে। পুনে-জয়পুর এক্সপ্রেসে যাত্রা করার সময়ই পাকড়াও করে পুলিশ। অভিযুক্তদের প্রথম ছবি প্রকাশ্যে আসতেই মুম্বই পুলিশের তরফ থেকে আরও জোরদার তল্লাশি শুরু হয়েছে।
নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল আততায়ীদের
পুলিশ সূত্রে আরও খবর, টাইগার শ্রফের গাড়ির ওপর গুলি চালিয়ে, নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এই ৩ ব্যক্তির। যে অস্ত্র দিয়ে টাইগার শ্রফের গাড়ির ওপর গুলি চালানো হয়েছিল, সেটি এখনও উদ্ধার করা যায়নি। এই ঘটনার সঙ্গে আর কে কে যুক্ত ছিল, সেটা এই ৩ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই কোটা পৌঁছেছে মুম্বই পুলিশের একটি দল। ওই ৩ ব্যক্তিকে মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হবে। সেই কাজও চলছে। রবিবার মুম্বইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ির ওপর গুলি চলে।