কলকাতা: আজ নতুন সাব ইনস্পেক্টর ও সার্জেন্ট পদে নিযুক্তদের নিয়োগপত্র তুলে দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। লেডি সাব ইনস্পেক্টর পদে নিযুক্তদের নিয়োগপত্র তুলে দিলেন রাজ্য়ের মুখ্য়মন্ত্রী। ৩০৯ জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী।
এর আগে রাজ্যে নভেম্বরের মধ্যে আরও নয় হাজার পুলিশ কর্মী নিয়োগের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি ছিল, দু’বছরের মধ্যে পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকে ছাপিয়ে যাবে পশ্চিমবঙ্গ ৷
মুখ্যমন্ত্রী জানিয়েছিলে, আগের সরকারের তৈরি করা আইনি জটিলতা কাটিয়েই এই নিয়োগ সম্ভব হয়েছে । বিধানসভায় অধিবেশন বসিয়ে ওবিসি জট মুক্ত করেছে বর্তমান সরকার । সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের আইনি বাধা কাটাতে সরকারি আধিকারিকদের ভূমিকার প্রশংসা করেন তিনি। নিয়োগ দ্রুত করতে রাতে বিশেষ বিমানে দিল্লি গিয়েছিলেন স্বরাষ্ট্রসচিব । সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “আমি কথা দিলাম আরও সাড়ে চার বছর এই সরকার আছে । কোথাও এতটুকু ত্রুটি হবে না । নিয়ম মেনে নিয়োগ হবে। আমাকে ভরসা করুন, বিশ্বাস করুন ।”
মুখ্যমন্ত্রীর কথায়, দেশে প্রতি এক লক্ষ মানুষে পুলিশের গড় নিয়োগ হয় ১৫৫ জন। উত্তরপ্রদেশে সেই সংখ্যা ২০০ জন। আর পশ্চিমবঙ্গে সবচেয়ে কম, মাত্র ১০৫ জন। এই ঘাটতি মেটাতে আগামী নভেম্বরের শেষ সপ্তাহে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নয় হাজার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারির ঘোষণা করেন তিনি। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে কলকাতা পুলিশের চার হাজার কনস্টেবল নিয়োগ সম্পন্ন হবে । পিএসসি-র মাধ্যমে ৬৫০ জন ক্লার্ক এবং ১ হাজার ১৩১ জন এসআই নিয়োগের প্রক্রিয়াও দ্রুত শেষ করা হবে।
এর আগে নবনিযুক্ত পুলিশ কর্মীদের কড়া ভাষায় কর্তব্যের পাঠ দেন মুখ্যমন্ত্রী । দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার ডাক দিয়ে তিনি বলেন, “রাষ্ট্র প্রথম, এটা মাথায় রেখে কাজ করবেন । অবৈধ অনুপ্রবেশকারীদেরকে তাড়াবেন । সমস্ত অবৈধ কাজ থেকে দূরে থাকবেন ।”