কলকাতা: জালে ইন্দ্রনীল, নজরে এবার প্রাক্তন মন্ত্রীর মোবাইল ফোন। ইন্দ্রনীল সেনের মোবাইলের খোঁজে গোয়েন্দারা। মোবাইল ফোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ লেনদেন চলত, দাবি পুলিশের। ‘গুরুত্বপূর্ণ লেনদেন সংক্রান্ত কথোপকথন চালাতেন ইন্দ্রনীল সেন। প্রাক্তন মন্ত্রীর এক আত্মীয়র নামে রয়েছে ওই ফোনটি’, কিন্তু সিম কার্ড নিজের নামে ব্যবহার করতেন ইন্দ্রনীল সেন, দাবি পুলিশের।
ইন্দ্রনীল সেনের নামে রেজিস্টার্ড একটি ফোন বাজেয়াপ্ত করেছে ED। আত্মীয়র নামে থাকা ওই মোবাইলটি থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও নথি মিলতে পারে, দাবি পুলিশের। ইন্দ্রনীল সেনের ওই আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
গতকাল রাতে ইন্দ্রনীল সেনকে সঙ্গে নিয়ে কসবার বাড়িতে যায় পুলিশ। তথ্য সংগ্রহ করতে প্রাক্তন বিধায়ককে সঙ্গে নিয়ে তল্লাশিতে পুলিশ। ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর পাস বিক্রির নামে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে।
এদিকে, মাস আর্টের সঙ্গে তাদের কোনও চুক্তি হয়নি, লালবাজারকে মেল করে জানিয়েছে ইউনেস্কো। গতকাল আদালতে এমনই দাবি করেছেন সরকারি আইজীবী। ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর পাস বিক্রির নামে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। পুলিশের হেফাজতে রয়েছেন তাঁর ঘনিষ্ঠ ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভ। গতকাল তাঁকে আদালতে পেশ করে সরকারি আইজীবী জানান, লালবাজারের পক্ষ থেকে ইউনেস্কোর কাছে জানতে চাওয়া হয়েছিল মাস আর্টের সঙ্গে তাদের কোনও চুক্তি হয়েছিল কিনা। জবাবে ইউনেস্কো মেইল করে জানিয়েছে, কোনও চুক্তি হয়নি।
কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে, ইন্দ্রনীল সেনের পর এবার ধরা পড়েছেন তাঁর ঘনিষ্ঠ ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভ। অভিযুক্ত ‘মাস আর্ট’ সংস্থার সেক্রেটারি পদে রয়েছেন ধ্রুবজ্যোতি বসু। বৃহস্পতিবার আদালতে সরকারি আইনজীবী বলেন, ধ্রুবজ্যোতি বসু অত্যন্ত প্রভাবশালী। কার কার কাছে পৌঁছেছে টাকা, তাও জানা প্রয়োজন। অন্যদিকে এদিনই, লালবাজারে হাজিরা দেন প্রাক্তন মন্ত্রীর মেয়ে আভেরী সেন।