শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, কলকাতা: কোনও অন্যায় হবে না। মোবাইল ফোনে মেসেজ দিয়ে নিয়োগ হয় না। স্কুলে নিয়োগ দুর্নীতি ঠেকাতে শিক্ষক দিবসে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে এদিন সিলেবাসে পরিবর্তন আনার কথাও বলেছেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘কোনও অন্যায় হবে না। SSC তৈরি হয়ে গিয়েছে। আমি বলেছি, মোবাইল ফোনে মেসেজ দিয়ে নিয়োগ হয় না।’
তৃণমূল সরকারের শাসনকালে শিক্ষা দুর্নীতি সাড়া ফেলেছিল সর্বাধিক। শিক্ষক ও শিক্ষাকর্মী পদে চাকরি প্রার্থীদের মিটিং-মিছিলে দিনের পর দিন সরগরম হয়েছে কলকাতার রাজপথ। প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়ে চাকরি হারাতে হয়েছে, যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের। আগামী বছর ৩১ মে পর্যন্ত তাঁদের চাকরির মেয়াদ বাড়িয়েছে সুপ্রিম কোর্ট।
এই আবহেই, রাজ্যে পালাবদলের পর প্রথম শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, তাঁর সরকারের আমলে শিক্ষক নিয়োগ হবে স্বচ্ছ ও ত্রুটিহীন। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘SSC-তে তিনজন রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ শুধু নন, IIM থেকেও একজনকে আমরা সদস্য হিসেবে রেখেছি, আমরা শিক্ষক নিয়োগ করে দেব, নিশ্চিন্তে থাকুন। সুপ্রিম কোর্টের নির্দেশ, হাইকোর্টের নির্দেশ মাথায় রেখে করে দেব। কোনও অন্যায় হবে না। নিয়োগের তালিকা প্রকাশ করতে হবে, ওয়েবসাইটে দিয়ে দিতে হবে, নিয়োগের ক্ষেত্রে মেধা এবং পরীক্ষাই একমাত্র বিচার্য বিষয় হবে । অন্যকিছু দেখার দরকার নেই। আমি বলেছি, ৫ নম্বরের বেশি মৌখিকে রাখা উচিত নয়, পরামর্শ দিয়েছি SSC-কে।’
মুখ্যমন্ত্রী এদিন সিলেবাসে পরিবর্তন আনার কথাও বলেছেন । ইঙ্গিত দিয়েছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মাতঙ্গিনী হাজরার ইতিহাস পড়ানোর ব্যবস্থা করবে সরকার । শুভেন্দু অধিকারী বলেছেন, ‘টাটাকে তাড়ানোর গল্প কেন পাতা জুড়ে থাকবে, কেন থাকবে না মাতঙ্গিনীর গুলিবিদ্ধ হওয়ার কাহিনি ? কেন থাকবে না, শ্যামাপ্রসাদ ও প্রণবানন্দের লড়াই এর কাহিনি ?’
আরও পড়ুন: দই বসানোর ঘরে ঘুরছে সাপ! মিষ্টি তৈরিতে কাঠের আসবাবে ব্যবহার করার রং, ভয়ঙ্কর ছবি!