কলকাতা: বর্ষা বিদায় নিয়েছে। তারপরেও জোড়া ঘূর্ণিঝড়ে প্রবল বৃষ্টিপাত হয়েছে রাজ্যের সর্বত্র। ঘূর্ণিঝড়ের রেশ কাটতেই তাপমাত্রার পতন অনুভূত হচ্ছে রাজ্যের সর্বত্র। আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
লাফিয়ে কমছে তাপমাত্রা, রাজ্যে শীতের আমেজ
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী এক সপ্তাহ গোটা রাজ্যেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। অর্থাৎ এখনই নতুন করে কোনও ঝড়বৃষ্টির আশঙ্কা নেই। গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খড়্গপুরে। ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলভূমিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোচবিহারে। ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের পর্বতাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দার্জিলিংয়ে। ৫.৪ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস (আলিপুরে)। যা স্বাভাকিরে চেয়ে ০.২ ডিগ্রি কম। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা লাফিয়ে নেমেছে। ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যে কারণে শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে ২৯ নভেম্বর আন্দামান সাগরে একটি উচ্চচাপ বলয় তৈরি হতে পারে। সেখান থেকে নিম্নচাপ তৈরি হবে কি না, হলে বাংলায় তার কী প্রভাব পড়বে, সেদিকে নজর রাখছেন আবহবিদরা। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত কবে পড়বে, তা নিয়ে এখনও কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। আপাতত শীতের আমেজ পেয়ে খুশি বঙ্গবাসী।
বিভিন্ন জায়গায় কমেছে তাপমাত্রা, অবশেষে জাঁকিয়ে পড়তে চলেছে শীত?
ইতিমধ্যেই বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আকাশ পরিষ্কার হতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। প্রতিদিনই আরও নেমেছে তাপমাত্রার পারদ। প্রায় দেড় ডিগ্রির মতো তাপমাত্রা কমে হল ১৭ দশমিক ৪. যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কম। বীরভূমের শ্রীনিকেতনের গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আবহাওয়া অনেকটা পরিস্কার। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আপাতত এই সপ্তাহ জুড়ে এই পরিস্থিতিই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কোনও বড় দুর্যোগের সম্ভাবনা নেই। ধীরে ধীরে কমবে তাপমাত্রা, ডিসেম্বরের শুরুতেই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে, জানাচ্ছে আবহাওয়া দফতর।