কলকাতা: গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার এক বা দুটি স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তবে রাজ্যের বাকি জায়গায় শুষ্ক আবহাওয়া বজায় ছিল। তবে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে চিন্তা বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। যার জেরে প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে।
আইএমডি সূত্রে খবর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিমদিকে অগ্রসর হয়ে আজ দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে এটি আরও শক্তিশালী হয়ে আগামী ২ দিন উত্তর পশ্চিমদিকে অগ্রসর হয়ে, অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে, এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মূলত, বঙ্গোপসাগরে চিন্তা বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত, শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ১৮ ও ১৯ নভেম্বর দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে ওই দিনগুলিতে। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। তবে ১৯ নভেম্বর ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।