কলকাতা: সদ্য শেষ হয়েছে নতুন স্বল্পদৈর্ঘ্যের সিনেমা, ‘অনুরণন’-এর। সৌরভ চক্রবর্তী ও শাশ্বতী গুহ চক্রবর্তীর প্রযোজনায়, সুমন মৈত্রের পরিচালনায় শ্যুটিং শেষ হল নতুন সিনেমা, ‘অনুরণন’-এর। দুর্গাপুজোর আগেই শেষ হয়েছে, ShortFlicks Entertainment -এর প্রথম প্রযোজিত ছবি ‘অনুরণন’-এর শ্যুটিং। ছবিটির সঙ্গে শুরু থেকেই যুক্ত রয়েছেন, নাট্যব্যক্তিত্ব অশোক রায়। চিত্রনাট্য লেখার পাশাপাশি, সহকারী প্রযোজক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। ছবিটিতে অভিনয় করছেন, ঈশান মজুমদার, বিমল গিরি, দীপান্বিতা নাথ, অনুক্তা ঘোষাল, অশোক রায়, অরুণ চট্টোপাধ্যায়, স্বপন কুমার নাথ -সহ বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা। ছবিটির গল্পের ভাবনা সৌরভ চক্রবর্তীর এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন চন্দ্রিমা চক্রবর্তী।
কবে এই সিনেমাটি মুক্তি পাবে, সে নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্মাতারা মনে করছেন, ছবিটি দর্শকদের মন ছুঁয়ে যাবে, আর সেই কারণেই যথেষ্ট যত্ন নিয়ে ছবিটি তৈরি হচ্ছে। সেই কারণেই সময় দেওয়া হচ্ছে ছবিটিকে। পরবর্তীকালে ছবির মুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ছবিটির বিষয়বস্তু এখনই প্রকাশ্যে আনতে চান না নির্মাতারা। তবে ছবিটি যে একেবারে অন্য ধারার এবং দর্শকদের অন্য স্বাদের একটি গল্প উপহার দেবে, সেই কথাই জানাচ্ছেন নির্মাতারা।
ছবিটি নিয়ে পরিচালক বলছেন, ‘‘অনুরণন’ একটি মনস্তাত্ত্বিক বাস্তবতার আবরণে কল্পনার এক মায়াবী প্রতিচ্ছবি, যেখানে মানুষের মনের জটিলতা, সম্পর্কের টানাপোড়েন এবং না বলা অনুভূতিগুলিকে এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরার চেষ্টা করেছি। মানুষের মনস্তত্ত্ব ও আবেগের নানা স্তরকে কেন্দ্র করে এমন একটি গল্প বলতে চেয়েছি, যা দর্শকদের শুধু বিনোদনই দেবে না, ভাবতেও বাধ্য করবে। এই ছবিতে অভিনয় করেছেন ঈশান মজুমদার, বিমল গিরি, দীপান্বিতা নাথ এবং অনুক্তা ঘোষাল। প্রত্যেকেই নিজেদের চরিত্রের মাধ্যমে গল্পটিকে জীবন্ত করে তোলার চেষ্টা করেছেন। আমাদের প্রযোজক সৌরভ চক্রবর্তী ও শাশ্বতী চক্রবর্তীর প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তাঁরা এই গল্পের ভাবনা ও নির্মাণের প্রতি আস্থা রেখেছেন। আমার বিশ্বাস, ‘অনুরণন’ এমন কিছু অনুভূতির কথা বলবে, যা হয়তো আমরা সবসময় প্রকাশ করতে পারি না, কিন্তু তার রেশ আমাদের মনের গভীরে থেকে যায়।’
আরও পড়ুন: Tollywood Film: ‘ডাকিনী বিদ্যা’ মানেই কি খারাপ? উত্তর খুঁজছেন ঋষভ-পায়েল! রইল ছবির এক্সক্লুসিভ লুক