কলকাতা: শ্যুটিং থেকে ফেরার পথে, দুর্ঘটনার মুখে অভিনেত্রী সম্পিতা প্রামাণিক (Sampita Pramanik)। বর্তমানে জি বাংলার (Zee Bangla) ‘বাঘিনী’ (Baghini) ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয় করছেন তিনি।। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ফেসবুক করেন অভিনেত্রী-নৃত্যশিল্পী। তিনি জানান, শ্যুটিং থেকে ফেরার পথে একটি ব়্যাপিডো গাড়ি বুক করেছিলেন তিনি। কিন্তু সেই সফরেই চালকের সঙ্গে সমস্যা হওয়ায় বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। ঠিক কী হয়েছে অভিনেত্রীর সঙ্গে? 

স্টুডিও থেকে ফেরার সময়ে অ্যাপ-ক্যাব বুক করেছিলেন অভিনেত্রী, কী হল তারপর?

সোশ্যাল মিডিয়ায় সম্পিতা জানিয়েছেন, এদিন NT1 স্টুডিও থেকে শ্যুটিং শেষ করে, তিনি একটা কাজে পার্ক স্ট্রিট যাওয়ার জন্য একটি ব়্যাপিডো ট্যাক্সি ভাড়া করেন। লোকসন হিসেবে তিনি পার্ক স্ট্রিটই দিয়েছিলেন। কিন্তু যাত্রা শুরু হওয়ার পরে তিনি জানতে পারেন, পার্কস্ট্রিটে ভীষণ বৃষ্টি হচ্ছে। ফলে তিনি যে কাজে পার্ক স্ট্রিট যাচ্ছিলেন, সেই কাজটি বাতিল করে, দমদমে নিজের বাড়ি ফিরে যাওয়ার জন্য গাড়ির লোকেসন বদলে দেন। অভিনেত্রী-নৃত্যশিল্পীর অভিযোগ, এতে চালক ক্ষুদ্ধ হন এবং জানান, তিনি এত দূর যেতে পারবেন না, তাঁর গাড়িতে তেল নেই। একে অভিনেত্রী চালককে অনুরোধ করেন, রাস্তায় তেল নিয়ে নিতে। যদি টাকার প্রয়োজন হয়, তাহলে সেই সময়েই ভাড়ার একাংশ তিনি দিয়ে দেবেন বলে জানান। তবে চালক এতে রাজি হন না, পাশাপাশি জানান, দমদম কেন, পার্ক স্ট্রিটেও যেতে পারবেন না তিনি।

রাস্তায় পড়ে চোট, ফেসবুক লাইভে সবটা জানালেন অভিনেত্রী

এতে সম্পিতা বলেন, রাইড বন্ধ করে, কাছাকাছি কোনও মেট্রো স্টেশনে তাঁকে নামিয়ে দিতে। বসুশ্রী সিনেমাহলের কাছে গাড়ি থামিয়ে তাঁকে নেমে যেতে বলেন চালক। পাশাপাশি দমদম পর্যন্ত পুরো গাড়ি ভাড়াটাও তাঁকে দিয়ে দিতে বলেন। সেই সময়ে সম্পিতা জানান, তিনি অধিক গাড়ি ভাড়া দেবেন না। কেবলমাত্র যতটুকু সফর তিনি করেছেন, তার জন্যই নির্দিষ্ট ভাড়াটা দেবেন। এই কথা বলে সম্পিতা গাড়ি থেকে নিজের ব্যাগটা নিতে যান। আর সেই মুহূর্তেই গাড়ি চালিয়ে দেন চালক। কোনোমতে নিজের ব্যাগটা সামলাতে গিয়ে পাশের একটি কালো গাড়িতে ধাক্কা খেয়ে রাস্তাতেই পড়ে যান অভিনেত্রী। তাঁর কাঁধে গুরুতর চোট লাগে। এরপরে তিনি তাঁর শ্যুটিং ফ্লোরে খবর পাঠান। সহ শিল্পী ও বন্ধুরা এলে, অভিনেত্রী কালীঘাট থানায় গিয়ে, গোটা বিষয়টা জানান এবং FIR করেন। আপাতত শ্যুটিং চালিয়ে গেলেও, কাঁধে তীব্র ব্যথা রয়েছে সম্পিতার। চিকিৎসা চলছে। তবে সম্পিতা জানিয়েছেন, বচসার সময়ে তিনি ব়্যাপিডো অ্যাপে সাহায্য চেয়েও পাননি। তিনি আরও জানিয়েছেন, ওই গাড়িতে তাঁর কফি মগ থেকে শুরু করে উপহারের ব্যাগ সমস্ত কিছুই ছিল যা তিনি গাড়ি থেকে নামাতে পারেননি।

 

আরও পড়ুন: Prosenjit on Nana Patekar: ‘পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা’, নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *